অর্থনৈতিক প্রতিবেদক : এসএমই খাতের জানুয়ারি-মার্চ, এ তিনমাসে ঋণ বিতরণ করা হয়েছে ২৬ হাজার ১৪০ কোটি ৮ লাখ টাকা। যা বছরে বিতরণ লক্ষ্যমাত্রার ২৪ দশমিক ৯৯ শতাংশ। ২ লাখ ১০ হাজার ৮শ’ উদ্যোক্তার মাঝে এসব ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসইএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
বিতরণকৃত এ ঋণের পরিমাণ ২০১৪ সালের একই সময়ের চেয়ে ১৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে, টাকার অঙ্কে যা ৪ হাজার ২৩৪ কোটি ১৯ লাখ টাকা। অর্থাৎ সে বছরের একই সময়ে ঋণ বিতরণ করা হয়েছিল ২১ হাজার ৯০৫ কোটি ৮৯ লাখ টাকা। ২০১৫ সালে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ১ লাখ ৪ হাজার ৫৮৬ কোটি ৪৯ লাখ টাকা।
২০১৫ সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ব্যাংকগুলো ২৫ হাজার ৩১৯ কোটি ৭৩ লাখ টাকা বিতরণ করেছে, যা বিগত বছরের একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিতরণকৃত এসএমই ঋণের চেয়ে ৪ হাজার ১০১ কোটি ৯১ লাখ টাকা বা ১৯ দশমিক ৩৩ শতাংশ বেশি। আলোচ্য সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো এ বছরে তাদের লক্ষ্যমাত্রার ২৫ দশমিক ৮ শতাংশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার ২২ দশমিক ৬৩ শতাংশ অর্জন করেছে। বিবেচ্য ত্রৈমাসিকে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো ১৩ হাজার ৮৬৬ জন উদ্যোক্তাকে ১ হাজার ৮৯২ কোটি ৮৮ লাখ টাকা, বিশেষায়িত ব্যাংকগুলো ১ হাজার ৯৮১ জনকে ১৩৬ কোটি ৫৮ লাখ, বিদেশি ব্যাংকের ৯৮৭ জন উদ্যোক্তাকে ২৮৭ কোটি ৯৮ লাখ, বেসরকারি ব্যাংকগুলো ৩৮ হাজার ৮৮৭ জনকে ১১ হাজার ৫৯২ কোটি ৯১ লাখ, ইসলামী ব্যাংকগুলো ১ লাখ ৫১ হাজার ২ জন উদ্যোক্তাকে ১১ হাজার ৪০৯ কোটি ৩৮ লাখ টাকা এসএমই ঋণ বিতরণ করেছে।
২০১৫ সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের বাৎসরিক লক্ষ্যমাত্রার ৩ হাজার ৬২৫ কোটি ৬১ লাখ টাকার বিপরীতে ৪ হাজার ৭৭ জন উদ্যোক্তার মাঝে ৮২০ কোটি ৩৫ লাখ টাকা এসএমই ঋণ বিতরণ করেছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো বিগত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ২৩ শতাংশ অর্থাৎ ১৩২ কোটি ২৯ লাখ টাকা বেশি বিতরণ করেছে।
এ সময়ে ৮০ হাজার ৩৭০ জন নারী উদ্যোক্তার মাঝে ৮৮৬ কোটি ৭৩ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। বিগত বছরের একই ত্রৈমাসিকের চেয়ে বিবেচ্য ত্রৈমাসিকে ঋণ প্রাপ্ত নারী উদ্যোক্তার সংখ্যা ৭৫ হাজার ৩০ জন বেশী এবং ৫৩ কোটি ৫৪ লাখ টাকা বিতরণ বৃদ্ধি পেয়েছে।

