আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে সাউথ ক্যারোলিনার চার্লসটন গির্জায় হামলা চালিয়ে নয়জনকে হত্যাকারী সন্দেহভাজন শেতাঙ্গ যুবক ডিলান রুফ একটি গৃহযুদ্ধ শুরু করতে চাচ্ছিলেন। একই সঙ্গে সে শেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে বিচ্ছিন্নতা চাইতো। রুফের এক বন্ধু বার্তা সংস্থা বিবিসিকে এ তথ্য জানিয়েছে।
রাতেই নর্থ ক্যারোলিনার সেলবি ট্রাফিক পয়েন্ট থেকে ডিলান রুফকে আটক করেছে পুলিশ।
বুধবার চার্লসটনের আফ্রিকান-অ্যামেরিকান চার্চে হামলা চালায় সাউথ ক্যারোলিনার লেক্সিংটনের অধিবাসী ডিলান রুফ। এ ঘটনায় নয়জন নিহত হয়। নিহতদের মধ্যে রয়েছেন চার্চের যাজক ক্লিমেনটে পিংকনি। তিনি একই সঙ্গে সাউথ ক্যারোলিনার রাজ্য সিনেট সভারও সদস্য ছিলেন।
এদিকে চার্লসটনের ঘটনায় গোটা যুক্তরাষ্ট্র জুড়েই শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার নিহতের আত্মার শান্তির কামনায় বিভিন্ন গির্জায় প্রার্থণা করা হয়েছে। চার্লসটনের বেশ কিছু গির্জায় বৃহস্পতিবারের প্রার্র্থণাসভায় ছিল উপচে পড়া ভীড়।
অপরদিকে চার্লসটন গির্জায় পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে হত্যাকাণ্ডের এক ঘন্টা আগে গির্জায় বাইবেল নিয়ে আয়োজিত আলোচনা সভায় এক ঘণ্টা বসে ছিলেন ডিলান রুফ। এরপর তিনি বন্দুক নিয়ে সভায় উপস্থিত ব্যক্তিদের ওপর গুলিবর্ষণ শুরু করেন। এসময় তিনি সেখানে এক নারীকে জীবিত রেখে চলে যান হত্যাকাণ্ডের বর্ণনা দেয়ার জন্য। বুধবার রাতেই টিভিতে প্রচারিত রুফ ও তার গাড়ির ছবি দেখে নর্থ ক্যারোলিনার সেলবি পয়েন্টে এক মালী তা সনাক্ত করে ও পুলিশে ফোন দেয়। পরে তাকে সেলবির ট্রাফিক পয়েন্ট থেকে আটক করা হয়। আজ তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
রুফের এক স্বজন জানিয়েছেন, জম্মদিনে ৪৫ ক্যালিবারের একটি পিস্তল রুফের বাবা তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। রুফ দেশে গৃহযুদ্ধ চাইতো । সে বড় ধরণের কোন হত্যাকাণ্ড ঘটিয়ে আত্মহত্যা করবে এ ধরণের কথাও বলতো। একইসঙ্গে সে চাইতো শেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে বিচ্ছিন্নতার সৃষ্টি হয়।
এদিকে চার্লসটনের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন,‘আমি ও আমার স্ত্রী গির্জায় হামলায় নিহত কয়েকজনকে চিনতাম। চার্লসটনের ইতিহাসে এই গির্জা একটি পবিত্র স্থান। আশা করি সেখানকার মানুষ এই বিদ্বেষের বিরুদ্ধে জেগে উঠবে।’

