আর্ন্তজাতিক ডেস্ক : ইয়েমেনের তিনটি মসজিদ এবং হুথি বিদ্রোহীদের রাজনৈতিক দপ্তরসহ কয়েকটি স্থানে বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। বুধবার রাতে রাজধানী সানার আলকিবসি মসজিদ, হায়েল এলাকার কাছে অবস্থিত আল-কুব্বাত আল-খাজরা মসজিদ এবং মাসহুশ মসজিদ এবং হুথিদের জিহাদি শাখার কার্যালয়ে এ হামলা চালানো হয়। মধ্যপ্রাচ্যের চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হুথিদের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ আস-সামাদের বাড়িতে গাড়িবোমা হামলা চালানো হয়। এ ছাড়া, সানায় আনসারুল্লাহ আন্দোলনের অন্যতম নেতা তাহা আল-মুতাওয়াক্কিলের বাসভবনের সামনেও একটি গাড়িবোমা আঘাত হানে। রাজধানীর আল-জারাফ এলাকায় আনসারুল্লাহ’র রাজনৈতিক দপ্তরের সামনেও একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়।
বোমা বিস্ফোরণে ঠিক আগ মুহূর্তে মসজিদ থেকে বের হওয়া এক বৃদ্ধ বলেন, ‘বিস্ফোরণের আওয়াজ এতোটাই উচ্চ ছিল যে আমি মনে করেছিলাম বিমান হামলা হয়েছে। আমি ফিরে গিয়ে দেখলাম গাড়িগুলি জ্বলছে, লোকজন চিৎকার করছে এবং আহতরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।’
আইএসআইএল এসব হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, হুথি যোদ্ধাদের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নিতেই তারা এসব হালা চালিয়েছে।

