আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সাবেক প্রেসিডেন্ট সুলায়মান ডেমিরেল আর নেই। বুধবার আঙ্কারার গুভেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন এই প্রবীণ নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০। তুর্কী সংবাদ মাধ্যম এবং স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
বেশ কিছুদিন ধরেই শ্বাস নালীর সংক্রামণে ভুগছিলেন ডেমিরেল। তবে মরার সময় তার জ্ঞান ছিল এবং তিনি শান্তিতে শেষ নি:শ্বাস ফেলেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
১৯২৪ সালের নভেম্বরে তুরস্কের ইস্পার্টা প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন ডেমিরেল। তার রাজনীতিক জীবনের শুরু ষাটের দশকে। যদিও প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করছিলেন তিনি। ১৯৯৩ সাল থেকে ২০০০ পর্যন্ত তিনি তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন। এর আগে ১৯৬০ সাল থেকে ১৯৯০ পর্যন্ত সাতবার তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তুরস্ক যখন সহিংসতা, অর্থনৈতিক স্থবিরতা ও সামরিক শাসনের মোকাবিলা করছিল, সেই টালমাটাল সময়ে তিনি দেশটির রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন।
প্রায় ৫০ বছরের ধরে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। সামরিক অভূত্থ্যানের কারণে দু দু বার ক্ষমতাচ্যূত হয়েছিল তার সরকার। ১৯৮০ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর জাস্টিস পার্টির এই নেতাকে রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছিল। ১৯৮৭ সালে ওই নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ফের ক্ষমতায় আসেন তিনি। তুরস্কের জীবিত রাজনীতিকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি।

