অর্থনৈতিক প্রতিবেদক : আগের দিনের ধারাবাহিকতায় বুধবার দেশের দুই পুঁজিবাজারেই সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতা অব্যাহত রয়েছে। জামায়াতে ইসলামীর ডাকা হরতালেও দুই বাজারেই সূচকের সঙ্গে পাল্লা দিয়ে লেনদেন বেড়েছে। পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৭ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ৪ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪৬ দশমিক শূন্য ৭ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৪ দশমিক ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ১৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪১০ কেটি ৫৯ লাখ টাকা।
বুধবার লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে বেড়েছে ২০০টি, কমেছে ৮৫টি এবং অপরিবর্তিত আছে ৩১টি কোম্পানির শেয়ার দর।
অপরদিক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৪৬ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৭০ দশমিক ৪৯ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৪ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯ দশমিক ২৭ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৩৮ দশমিক শূন্য ৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৮৮ দশমিক ৭৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯২৯ দশমিক ১৭ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ২ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৯৮৮ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪ কোটি টাকা। লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৪৫টি, কমেছে ৫৮টি এবং অপরিবর্তিত আছে ২৬টি কোম্পানির শেয়ার দর।

