সিলেট প্রতিনিধি : ভূমি সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ গ্রহণ থেকে বিরত থাকতে বললেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তিনি বলেন, ‘ঘুষ খাওয়া থেকে ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকতে হবে। জনস্বার্থ বিরোধী কোনো কাজ করা যাবে না।’
বুধবার দুপুরে সিলেটে আয়োজিত অর্পিত সম্পত্তি বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ভূমি সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের এ আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘অর্পিত সম্পত্তির যন্ত্রণা থেকে সরকার জাতিকে উদ্ধার করতে চায়। দেশে অর্পিত সম্পত্তি নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা বলে কিছু থাকবে না। এ সম্পত্তি হয় ব্যক্তি মালিকানায়, না হয় সরকারি খাস খতিয়ানে চলে যাবে।’
সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

