পাঞ্জেরী ডেস্ক : বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স ও ৪৩তম বিএমএ স্পেশাল কোর্সের জেন্টেলম্যান ও জেন্টেল উইম্যান ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এতে ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল দলবীর সিং সুহাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আসিফ আহমেদ ৭২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেরা চৌকষ ক্যাডেট বিবেচিত হয়েছে। তাকে ‘সোর্ড অব অনার’ প্রদান করেন জেনারেল দলবীর সিং। একই সঙ্গে সামরিক বিষয়ে অনন্য কৃতিত্বের জন্য ‘সেনা প্রধানের স্বর্ণপদক’ও লাভ করেন আসিফ।
এদিকে বিভিন্ন আন্তঃকোম্পানি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় জাহাঙ্গীর কোম্পানিকে গ্রীষ্মমকালীন টার্মের জন্য ‘বিএমএ পতাকা’ প্রদান করা হয়েছে। এ সময় ক্যাডেটদের আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর নবীন সেনা কর্মকর্তাদের র্যাংক-ব্যাজ পরিয়ে দেন তাদের পিতা-মাতা ও অভিভাবকরা।
এ কুচকাওয়াজের মাধ্যমে ১৩৪ জন ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের মধ্যে ৭২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ১১৪ জন পুরুষ, ১৩ জন মহিলা এবং ৪৩তম বিএমএ স্পেশাল কোর্সে ৭ জন পুরুষ ক্যাডেট রয়েছেন।
এর আগে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ এবং বিএমএ কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. জাহাংগীর কবির তালুকদার তাকে অভ্যর্থনা জানান।
এ সময় অন্যদের মধ্যে, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ঢাকাস্থ বৈদেশিক মিশনের কূটনীতিক ও সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাবকরাও ছিলেন।
এদিকে দুই দিনের সরকারি সফর শেষে ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল দলবীর সিং সুহাগ দুপুরে ঢাকা ত্যগ করেছেন।
বঙ্গবন্ধু ঘাঁটিতে সেনাসদরের সামরিক সচিব মেজর জেনারেল আনোয়ারুল মোমেন তাকে বিদায় জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন।

