আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় দুই সঙ্গীসহ নিহত হয়েছেন আরব উপদ্বীপের আল কায়দা গোষ্ঠীর (একিউএপি)প্রধান নেতা শেখ আবু বশির নাসের আল বুহাইশি। তার মৃত্যুর খবর ঘোষণা করেছে একিউএপি গোষ্ঠীর এক মুখপাত্র।
এর আগে ইয়েমেনের অনলাইন পোর্টাল আল-মাসদার জানিয়েছিল, গত শুক্রবার হাদরামাউত প্রদেশে এক হামলায় প্রাণ হারিয়েছেন আল বুহাইশি। তিনি ছিলেন আল কায়দার দ্বিতীয় প্রধান নেতা এবং একসময় ওসামা বিন লাদেনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন।
তবে তার নিহত হওয়া সম্পর্কে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। অবশ্য এর আগে পেন্টাগন বলেছিল, বুহাইশির মৃত্যুর খবর সত্য হলে বিন লাদেনের মৃত্যুর পর এটিই হবে আল কায়দার বিরুদ্ধে সবচাইতে বড় আঘাত। তাকে গ্রেপ্তারে সহায়তার জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিহত এই জঙ্গি নেতা ২০০৯ সালে সৌদি আরবের ইয়েমেন ও সৌদি আরবে আল কায়দা শাখা একিউএপি’র প্রধান হয়েছিলেন।
এদিকে এক ভিডিও বার্তায় বুহাইশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন একিউএপি মুখপাত্র খালেদ ওমর বাতেরফি। তিনি নিহত নেতা সম্পর্কে বলেছেন,‘ আল বুহাইশি আফগানিস্তানে বেশ পরিচিত ছিলেন এবং ওসামা বিন লাদেনের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল।’ তার মৃত্যুর পর ওই গোষ্ঠীর সাবেক সামরিক প্রধান কাসিম আল রায়মিকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে।

