আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সোমবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ফ্লোরিডা রাজ্যের সাবেক গভর্নর জেব বুশ। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশটির বর্তমান দুরবস্থা ঘোচাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, জেব বুশের বাবা জর্জ বুশ এবং ভাই জর্জ ডব্লিউ বুশ দুজনই দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার নিজ শহর মিয়ামি থেকে তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করেন জেব বুশ। সেখানে আয়োজিত এক র্যালিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান দুরবস্থা ঘোচানোর জন্যই তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাইছেন। ফ্লোরিডার এই সাবেক গভর্নর যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী এমন আভাস আগেই পাওয়া যাচ্ছিল। শুরুতেই তিনি নিজের নামের প্রভাবশালী অংশ ‘বুশ’ বাদ দিয়ে শুধু ‘জেব’ নিয়ে প্রচারণা শুরু করেছেন।
মিয়ামির সমাবেশে দেয়া বক্তব্যে ওয়াশিংটনের তথাকথিত এলিটদের সমালোচনা করে তিনি বলেন, আগামীতে যুক্তরাষ্ট্রে এমন একজনের প্রেসিডেন্ট হওয়া উচিত যিনি দেশটির বর্তমান রাজনৈতিক সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে বদলে দেবেন। এসময় তিনি দেশটির ইতিহাসের সবচেয়ে ধীর অর্থনৈতিক গতি, ঋণের বোঝা বৃদ্ধি এবং মধ্যবিত্ত নাগরিকদের ওপর ব্যাপক করের বোঝা বাড়ানোর জন্য বর্তমান সরকারকে দায়ি করেন। এ অবস্থা পরিবর্তনে নিজের নির্বাহী দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে বিশ্বের সেরা অর্থনীতিতে রূপান্তর করারও প্রতিশ্রুতি দিয়েছেন ৬২ বছরের জেব বুশ।
তিনি তার বক্তব্যের একটি অংশ স্প্যানিশ ভাষায় দেন। যুক্তরাষ্ট্রের কোনো জাতীয় ইস্যুর অনুষ্ঠানে এ ঘটনা বিরল।
এই নিয়ে রিপাবলিকান দলের এগারোজন সদস্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দিলেন। তবে মতামত জরিপকারী প্রতিষ্ঠানগুলোর মতে, এখনো পর্যন্ত এদের কেউই তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি।
সম্প্রতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচন অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

