ঢাকাTuesday , 16 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসিকে জেল-জরিমানার হুঁশিয়ারি দিল দুদক

Link Copied!

ECনিজস্ব প্রতিবেদক : ভোটারদের নিবন্ধন তথ্য যাচাইয়ে দু’টি সফটওয়্যার‌ কেনা সংক্রান্ত নথি চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই নথি পাঠাতে ব্যর্থ হলে তিন বছরের জেল-জরিমানারও হুঁশিয়ারি দিয়েছে দুদক।
সোমবার দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত চিঠিটি ইসি সচিব বরাবর পাঠানো হয়েছে।
এর আগে দেড় বছর ধরে কয়েকবার এ সংক্রান্ত তথ্য চেয়ে তাগিদ দেয়া হয়েছে।কিন্তু পর্যাপ্ত তথ্য পেতে ব্যর্থ হওয়ার পর এই নোটিস পাঠিয়েছে দুদক।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের জন্য অটোমেটেড ফিঙ্গার প্রিন্ট মেশিন সিস্টেম ও ভোটার রেজিস্ট্রেশন সিস্টেম সফটওয়্যার কেনার ক্ষেত্রে কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে। সফটওয়্যার দু’টো টাইগার (বিডি) নামের একটি প্রতিষ্ঠান থেকে কিনেছে ইসি।
২০১০ সালের ১৫ জুন সম্পাদিত ইসির চুক্তির প্যাকেজ নম্বর ৫(২) এর আওতায়, অটোমেটেড ফিঙ্গার প্রিন্ট মেচিং সিস্টেমের ডাটাবেজ ও সফটওয়্যার সাপ্লাই, ইনস্টলেশন ও কমিশনিং সংক্রান্ত পূর্ণাঙ্গ নথি এবং ২০১৪ সালের ১৪ অক্টোবর সম্পাদিত চুক্তির প্যাকেজ নম্বর জি ৫(৩) লটের আওতায়, ভোটার রেজিস্ট্রেশন সিস্টেম সিস্টেমের ডাটাবেজ ও সফটওয়্যার সাপ্লাই, ইনস্টলেশন ও কমিশনিং সংক্রান্ত পূর্ণাঙ্গ নথি চাওয়া হয়েছে চিঠিতে।
চিঠিতে বলা হয়, ২০১৪ সালে ১ জানুয়ারি নথি চেয়ে চিঠি দেয় দুদক। গত বছর ১৭ জুন পর্যন্ত কোনো রেকর্ডপত্র সরবরাহ করেনি ইসি।
দুদক আইনের ১৯(৩) ধারা অনুযায়ী, কেউ দুদকের কোনো নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করলে তা দণ্ডনীয় অপরাধ বিবেচিত হবে। এ অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন।
এ বিষয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা এর আগে দুদকের চাহিদা মতো নথি পাঠিয়েছি। এতে দুদক সন্তুষ্ট না হতে পারেন। আমরা তো আর আইনের ঊর্ধ্বে নই। আবার দুদকের চিঠি পেয়েছি সময় মতো নথি পাঠিয়ে দেব।’
এদিকে ইসি কর্মকর্তারা জানান, ২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রকল্প (পিইআরপি) হাতে নেয়া হয়। এ ধারাবাহিকতায় টাইগার (বিডি) লিমিটেড আইটি প্রতিষ্ঠানটি সফটওয়্যার সরবরাহ করে। এখন পর্যন্ত ইসি সফটঅয়্যারের মেধাস্বত্ব কিনতে পারেনি। তাই প্রতিবছরই হালনাগাদের সময় টাইগার বিডি থেকে সফটওয়্যার কিনতে হচ্ছে।