আন্তর্জাতিক ডেস্ক : চাদের রাজধানী এনজামেনায় সোমবার আত্মঘাতী বোমা হামলায় ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আল জাজিরা। রাজধানীর পুলিশ হেড কোয়ার্টার এবং পুলিশ একাডেমীতে ওই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
তবে এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। বোমা হামলার সঙ্গে বোকো হারাম যুক্ত থাকতে পারে বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ। ওই হামলার পর সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, চাদের রাজধানী এনজামেনাতে একটি সিরিজ বোমা হামলায় ২৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বোকো হারামের চার যোদ্ধা ছিল বলে ধারণা করা হচ্ছে।
এ বছরের শুরুর দিকে দেশটি বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার পরই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভেদ করেই সোমবার পুলিশ হেডকোয়ার্টার এবং পুলিশ একাডেমীর বাইরে বোমা বিস্ফোরণ করা হয়। রাজধানীতে এটিই ছিল প্রথম সিরিজ বোমা হামলার ঘটনা।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, পরপর দুটি বোমা হামলায় অনেক মানুষ নিহত ও আহত হয়েছেন। ওই হামলার পর শহরটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা কর্মীদের সক্রিয়ভাবে অবস্থান করতে দেখা গেছে।


