আন্তর্জাতিক ডেস্ক : কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দিদের জোর করে খাওয়ানোর অনুমতি সম্বলিত একটি বিল অনুমোদন করেছে ইসরায়েল সরকার।
রোববার ইসরায়েলি মন্ত্রিপরিষদ বিতর্কিত ওই বিলটি অনুমোদন করে। এ সম্পর্কে আভ্যন্তরীণ নিরাপত্তা গিলাদ এরডান বলেন, কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওই অনশনের কারণে হুমকির মুখে পড়েছে ইসরায়েল।
মন্ত্রিপরিষদে অনুমোদনের পর বিলটি এবার নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট )পাঠানোর কথা রয়েছে। নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভেটে পাস হওয়ার পর এটি আইনে পরিনত হবে।
গতবছরও ব্যাপক সংখ্যক ফিলিস্তিনি বন্দি অনশনে যাওয়ার পর অনুরূপ একটি বিল অনুমোদন করেছিল ইসরায়েল সরকার। অনশনের কারণে অসুস্থ ৮০ জনকে পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও সেবার ইসরায়েল সরকারের ওই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
এদিকে ইসরায়েলের মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লেওনিড ইডেলমেন এই বিলের তীব্র সমালোচনা করে বলেছেন, বন্দিদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে খাওয়ানো একটি গর্হিত কাজ।
ইসরায়েলের এক মানবাধিকার সংস্থা বিলটিকে ‘লজ্জাকর’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তারা আরো দাবি করেছে, বন্দিদের এভাবে জোর করে খাওয়ানোর বদলে ইসরায়েল সরকারের উচিত অনশনরতদের দাবিগুলো নিয়ে আলোচনা করা।
প্রসঙ্গত, ইসরায়েলি কারাগারে যেসব ফিলিস্তিনি বন্দি রয়েছেন তাদের সিংহভাগই বিনাবিচারে ছয় মাস মেয়াদে আটক রয়েছেন। অবশ্য নির্দিষ্ট সময় পর তাদের আটকাদেশ পুনরায় বাড়ানোরও ব্যবস্থা রয়েছে।

