খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য তিন জেলায় বিভিন্ন সরকারের সময় পূনর্বাসিত বাঙ্গালি পরিবারের ভূমি নিরাপত্তা বেষ্টনির আওতায় আনতে এবং বেদখল হওয়া জমি উদ্ধারের দাবি জানানো হয়েছে।
ভূমি পূনর্বাসন প্রকল্পের গ্রুপলিডার ও রিটকারি নামক একটি সংগঠন সোমবার বেলা ১১টায় জেলা সদরের খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।
এতে বক্তব্য পাঠ করেন সংগঠনের গ্রুপ লিডার ও রিট মামলার বাদী মো. ইউনুসুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ১৯৮০ সাল থেকে বিভিন্ন সরকারের আমলে তাদের পার্বত্য চট্টগ্রামে পূনর্বাসিত করা হলেও পরিবার প্রতি ৫ একর ভূমি দেয়ার ও রেশন প্রদানের প্রতিশ্রুত পূরণ করা হয়নি। আর যে ক’টি পরিবার ভূমি পেয়েছিল তাদেরকে উচ্ছেদ করে এসব ভূমিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাবার বাগান প্রকল্প সৃজন করেছে এবং অনেক ভূমি প্রভাবশালী মহলরা বেদখল করে ফেলেছে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, পূনর্বাসিত পরিবার গুলো তাদের নিজেদের ভূমি বুঝে না পাওয়ায় এবং সরকার কর্তৃক ভূমি পরিচিহ্নিত করে না দেয়ায় বাঙালি অনেক পরিবারকে গুচ্ছগ্রামে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। যার ফলে পূনর্বাসিত পরিবারগুলোর অনেকে পার্বত্য চট্টগ্রামে ছেড়ে অন্যত্র চলে গেছেন এবং অনেকে আইনের আশ্রয় নিয়েছেন।
অবিলম্বে রিটের নিষ্পত্তি করার ব্যবস্থা গ্রহণ করে পার্বত্য চট্টগ্রামে পূনর্বাসিত পরিবারগুলোর প্রতি সদয় হতে লিখিত বক্তব্যে আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের লিডার মো. ইউনুস আলী, মো. বশির মিয়া, হযরত আলী, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

