আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শনিবার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান। বৈঠকে দুই নেতা আঙ্কারা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি সিরিয়া, ইউক্রেন, ক্রিমিয়া এবং তাতার সমস্যা নিয়ে আলোচনা করেছেন বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন নিজস্ব প্রতিনিধি।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আমন্ত্রণে রাজধানী বাকুতে প্রথম ইউরোপীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে সফর শুরু করেছেন এরদোয়ান। শুক্রবার থেকে ওই গেমস শুরু হয়েছে ।
বাকু সফরের দ্বিতীয় দিনে শনিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন এরদোয়ান। বাকুস্থ একটি ফোর সিজেন হোটেলে দীর্ঘ দেড় ঘণ্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। ওই বৈঠকে দু দেশের মধ্যকার জ্বালানী এবং বিভিন্ন খাতে সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি এবং দুদেশের বানিজ্যের পরিমাণ বৃদ্ধির বিষয়ে জোর দেয়া হয়। এছাড়া দুই নেতা সিরিয়া, ক্রিমিয়া, তাতার এবং ইউক্রেন সঙ্কট নিয়েও আলোচনা করেছেন বলে তুরস্কের সরকারি সুত্র থেকে জানা যায়।
বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ইউরোপীয় গেমস সম্পর্কে বলতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘ইউরোপীয় গেমসের মনোজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠান প্রমাণ করে আজারবাইজান এ গেমসে অনেক বড় বিনিয়োগ করেছে।’তবে এ গেমসে ইউরোপের কোন নেতাকে আমন্ত্রণ না করা নিয়ে প্রশ্ন তোলেন এরদোয়ান।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও বাকু আয়োজিত এ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি এরদোয়ানের ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সম্পর্কিত বক্তব্যের জবাবে বলেন, ‘তুরস্ক এখানে ইউরোপীয় ইউনিয়েনের প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত।’ উত্তরে এরদোয়ান বলেন, তুরস্ক এখনো ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়নি । তবে এ নিয়ে আলোচনা চলছে বলে তিনি জানিয়েছেন।

