নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের ছয়টি ফার্স্ট ট্র্যাক বা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকাভুক্ত প্রকল্পের সঙ্গে এবার আরো দু’টি প্রকল্পকে যুক্ত করা হয়েছে। নতুন দু’টিসহ সরকারের নেয়া আটটি প্রকল্পকে ‘প্রবৃদ্ধিতে গতি সঞ্চালক’ হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসব প্রকল্প দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর নজরদারিতে আনা হয়েছে বলেও সংসদকে অবহিত করেন তিনি।
অধিক গুরুত্বপূর্ণ এ আটটি প্রকল্প হলো- পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, এমআরটি-৬ প্রকল্প, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প ও পায়রা সমুদ্র বন্দর প্রকল্প। নতুন দু’টি প্রকল্প হলো মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প ও পায়রা সমুদ্র বন্দর প্রকল্প।
এ আটটি প্রকল্পের মধ্যে পদ্মা বহুমুখী সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প সরকারের চলতি মেয়াদে শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

