নিজস্ব প্রতিবেদক : প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে দেশের ১৪টি উপকূলীয় জেলার ৭৮টি উপজেলায় ২০০ বহুমূখি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে দেশের ১৪টি উপকূলীয় জেলার ৭৮টি উপজেলায় ২০০ বহুমূখি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প শুরু করতে যাচ্ছি। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় একটি দক্ষ সাড়া প্রদান ব্যবস্থা ও প্রশিক্ষিত দুর্যোগ স্বেচ্ছাসেবক দল গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।’
এছাড়াও বাজেটে পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করার উদ্যোগ নেয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ‘সৌরশক্তি, বায়োগ্যাস প্ল্যান্ট, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো পরিবেশবান্ধব পণ্য ও খাতসমূহে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংক একটি ঘূর্ণিায়মান পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে রাজধানীর হাজারীবাগসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা চামড়া শিল্পগুলোকে সাভারে পরিবেশবান্ধব স্থানে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই স্থানান্তর আগামী অর্থবছরে সম্পন্ন হবে।’
মন্ত্রী আরো বলেন, ‘মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি হ্রাস ও জ্বলানি সংরক্ষণের উদ্দেশ্যে ইতোমধ্যে দেশে প্রায় ২০ লাখ ধোঁয়ামুক্ত উন্নত চুলা স্থাপন করা হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে প্রায় ৩ কোটি পরিবেশেবান্ধব চুলা স্থাপনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’

