নিজস্ব প্রতিবেদক : ২০১৪-১৫ অর্থবছরের চেয়ে ২০১৫-১৬ অর্থবছরে রেলখাতে ২ হাজার ৩৮৯ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ৫ হাজার ৩২৮ কোটি টাকা। আর ২০১৫-১৬ অর্থবছরে তা বাড়িয়ে ৭ হাজার ৭১৭ কোটি টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘রেল উন্নয়নে ২০ বছর মেয়াদী একটি রেলওয়ে মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে এবং সেখানে ২৩৫টি প্রকল্প বাস্তবায়নে ২ লাখ ৩৩ হাজার ৯৪৬ কোটি টাকা ব্যয় করা হবে।’
অর্থমন্ত্রী বলেন- ‘দোহাজারী, কক্সবাজার, গুনদুম, কালুখালী, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ, টঙ্গিডাড়া, পাঁচুরিয়া-ফরিদপুর-ভাঙ্গা, ঈশ্বরদী, পাবনা, ঢালারচর এবং খুলনা-মংলা নতুন রেললাইন নির্মাণ ও পুননির্মাণ খাতে এ অর্থ ব্যয় করা হবে। এছাড়া পদ্মা সেতুর উপর দিয়ে রেল সার্ভিসচালু করা, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুর উত্তরে রেল সেতু নির্মাণ, ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েল গেচ ডাবল লাইন নির্মাণ, ঢাকা-নারায়নগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেল লাইনের সমান্তরাল একটি ডুয়েল গেজ লাইন নির্মাণ প্রকল্প রয়েছে।’
এছাড়া আঞ্চলিক নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্দেশ্যে আখাউড়া-আগরতলা রেল কানেকটিভিটি স্থাপন করার কথাও জানান অর্থমন্ত্রী।

