নিজস্ব প্রতিবেদক : আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য এক হাজার ৪৮৫ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা চলতি অর্থ-বছরের থেকে প্রায় দ্বিগুন। ২০১৪-১৫ অর্থবছরে সাংবিধানিক এ প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৮৪৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকা।
বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপন করেন। এই বাজেটে নির্বাচন কমিশনের অনুন্নয়ন খাতের (রাজস্ব) জন্য এর মধ্যে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ অনুষাঙ্গিক খাতের জন্য বরাদ্দ ৫২১ কোটি ৩৬ লাখ টাকা। আর উপ-নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মোট বরাদ্দ ৯৬৪ কোটি ৫৬ লাখ টাকা। বরাদ্দ রাখা হয়েছে ৫২১ কোটি ৩৬ লাখ টাকা।
এসব টাকা নির্বাচন কমিশন সচিবালয়েরর কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি), আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয় করা হবে।
নির্বাচন কমিশনের উন্নয়নখাতে বরাদ্দ রাখা হয়েছে ৯৬৪ কোটি ৫৬ লাখ টাকা। আগামী অর্থ-বছরে মোট আটটি খাতে এই টাকা ব্যয় করবে নির্বাচন কমিশন। ব্যয়ের খাতসমূহ হচ্ছে- ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, সিটি করপোরেশন, সাধারণ নির্বাচন ও উপ-নির্বাচন অনুষ্ঠান, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন, ডাটাবেজ সংরক্ষণের জন্য অবশিষ্ট উপজেলা, জেলা, আঞ্চলিক সার্ভার স্টেশনভবন নির্মাণ, নির্বাচন কমিশন ভবন ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন নির্মাণ, উন্নতমানের (স্মার্ট) জাতীয় পরিচয়পত্র প্রদান, জাতীয় পরিচয়পত্রের তথ্যযাচাই/সনাক্তকরণ সংক্রান্ত সুবিধা প্রদান এবং ইসির প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনী ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা।

