ঢাকাTuesday , 2 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানব পাচার রোধে আন্তদেশীয় সহযোগিতা দরকার

Link Copied!

manনিজস্ব প্রতিবেদক : মানব পাচারকারীদের নির্দিষ্ট কোনো দেশ নেই। নেই কোনো সীমানা। তাদের নেটওয়ার্ক প্রায় সব দেশেই বিস্তৃত। তাই কোনো একটি দেশের পক্ষে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন আন্তদেশীয় পুলিশি সহযোগিতা। তবেই মানব পাচার রোধ করা সম্ভব। এমনটিই মনে করেন আঞ্চলিক সহযোগিতায় এগিয়ে আসা বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা।
মঙ্গলবার রাজধানীর গুলশানে হোটেল আমরিতে আয়োজিত ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান-বিষয়ক আন্তদেশীয় পুলিশি সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এ বিষয়ে একমত পোষণ করেন ৩৫টি দেশের প্রতিনিধিরা।
সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, ‘আন্তদেশীয় অপরাধ প্রতিরোধ ও তদন্তের জন্য আন্তর্জাতিক পুলিশি সহযোগিতা জোরদার করা দরকার। আর এ জন্য পুলিশের বিশেষায়িত তদন্ত সক্ষমতা এবং সমন্বিত আইনি পরিকাঠামো গড়ে তোলা দরকার। বাংলাদেশ সরকার চায় মানব পাচার বন্ধ হোক। কিন্তু শুধু বাংলাদেশের পক্ষে এটা বন্ধ করা সম্ভব নয়। পাচারকারী একটি বিশাল চক্র রয়েছে।
এটাকে বন্ধ করতে হলে গন্তব্য দেশসমূহকেও এগিয়ে আসতে হবে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পাচারকারীদের বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে।’
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মোখলেসুর রহমান বলেন, ‘অতি শিগগির সিআইডিতে একটি স্বতন্ত্র মানব পাচার প্রতিরোধ ইউনিট প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া কয়েকটি জেলায় পুলিশ রিফর্ম প্রোগ্রামের (পিআরপি) সহযোগিতায় আটটি ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। বাকি জেলাগুলোতে এ রকম সাপোর্ট সেন্টার স্থাপন করা হবে।’
মোখলেসুর রহমান আরো বলেন, ‘মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ছাড়া ওই সব দেশের অপরাধ দমন সম্ভব নয়। এ ধরনের অপরাধ দমনে পারস্পরিক তথ্য বিনিময় অত্যন্ত জরুরি। তবেই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’
বাংলাদেশ পুলিশ, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ এবং ইউএনডিপির পুলিশ রিফর্ম প্রোগ্রামের সহযোগিতায় দুই দিনব্যপী এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের আজ মঙ্গলবার ছিল দ্বিতীয় ও শেষ দিন।
সম্মেলনে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড থেকে মানব পাচার ও অভিবাসী চোরাচালান সম্পর্কিত তদন্তে অভিজ্ঞ ৩৫ জন পুলিশ কর্মকর্তাসহ পুলিশ রিফর্ম প্রোগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
এ সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর পুলিশ নেটওয়ার্কের মধ্যে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন সম্মেলনে আসা বিভিন্ন দেশের বক্তারা।
সম্মেলনে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান, পুলিশের ভারপ্রাপ্ত আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টিমেসিস এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধি ক্রিস্টোফার উডস।