আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সিংহীর হামলায় প্রাণ হারিয়েছেন এক মার্কিন নারী। জুহানেসবার্গের ৩০ কিলোমিটার উত্তরের জনপ্রিয় ‘লায়ন পার্কে’ এই দু:খজনক ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ওই পার্কের সহকারী ম্যানেজার স্কট সিম্পসন বিবিসি’কে জানিয়েছেন, রোববার ওই দম্পতি নিজেদের গাড়িতে করে উদ্যানটি ঘুরে দেখছিলেন। এসময় ক্ষুব্ধ সিংহীটি গাড়ির খোলা জানালা দিয়ে লাফ দিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলার সঙ্গে সঙ্গেই উদ্যানের চিকিৎসকরা এগিয়ে আসেন। তবে ওই নারীকে বাঁচানো সম্ভব হয়নি। হামলায় আহত তার সঙ্গী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জোহানেসবার্গ থেকে বিবিসি প্রতিনিধি জানিয়েছেন, ওই দম্পতি উদ্যানের আইন ভেঙে নিজেদের গাড়ি নিয়ে সিংহের অনেক কাছে চলে গিয়েছিলেন। এমনকি তারা তাদের গাড়ির জানালাগুলো পর্যন্ত বন্ধ করেননি। ওই মর্মাহত ঘটনার পর হামলাকারী ওই সিংহীকে আটক করে রেখেছে কর্তৃপক্ষ। তবে এটিকে উদ্যান থেকে সরিয়ে নেয়া হবে কীনা তা জানা যায়নি।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত চার মাসের মধ্যে উদ্যানটিতে সিংহের আক্রমনে এ নিয়ে তিন জন মারা গেলেন।
দক্ষিণ আফ্রিকার এই লায়ন পার্কটিতে সিংহ ছাড়াও চিতা, হায়না এবং জিরাফ রয়েছে। খুব কাছ থেকে বণ্য প্রাণীদের দেখা যায় বলে এই উদ্যানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এ উদ্যানটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন স্থানে থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক দক্ষিণ আফ্রিকা সফর করে থাকেন।

