সিলেট প্রতিনিধি : অবশেষে উৎপাদনে যাচ্ছে ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা। আগামী মাস থেকে নবনির্মিত দেশের এ সর্ববৃহৎ সার কারখানাটিতে উৎপান শুরু হবে। কারখানায় ইতোমধ্যে গ্যাস সংযোগ দেয়া হয়েছে। এটি চালু হলে প্রতিদিন ১৭৬০ টন সার উৎপাদন করতে সক্ষম হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি’ স্থাপনের জন্য ২০১২ সালের শুরুতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১৫০ একর জমি অধিগ্রহণ করা হয়। একই বছরের ২৪ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় ৫ হাজার ৪০৯ কোটি টাকা।
এর মধ্যে ৩ হাজার ৯৬৬ কোটি টাকা সরবরাহ করছে চীন সরকার ও দেশটির এক্সিম ব্যাংক। এ ঋণের বার্ষিক সুদহার ২ শতাংশ। ২০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। ব্যয়ের অবশিষ্ট ১ হাজার ৪২৩ কোটি টাকা দেশীয় তহবিল থেকে জোগান দেয়া হচ্ছে। এটি নির্মাণে কারিগরি সহায়তা দিয়েছে জাপান, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস।
নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হলেও গ্যাস সংযোগ না থাকার কারণে অত্যাধুনিক এই কারখানাটি উৎপাদনে যেতে পারছিলো না। গত শুক্রবার (২৯ মে) আনুষ্ঠানিকভাবে কারখানায় গ্যাস সংযোগ প্রদান করা হয়েছে।
এখন শুধু কারখানটি চালুর অপেক্ষা। কারখানাটি চালু হলে দৈনিক ১ হাজার ৭৬০ টন করে বছরে ৫ লাখ ৮০ হাজার ৮০০ টন ইউরিয়া উৎপাদন হবে। পাশাপাশি দৈনিক এক হাজার টন হিসাবে বছরে ৩ লাখ ৩০ হাজার টন অ্যামোনিয়া উৎপাদন হবে।
শাহাজালাল সার কারখানা প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ‘কারখানাটির নির্মান কাজ শেষ হয়েছে। গত ২৯ মে গ্যাস সংযোগও প্রদান করা হয়েছে। আগামী ৩রা জুলাই থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হবে।’
সেই লক্ষ্যেই চূড়ান্ত প্রস্তুতি নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এ সময়সীমার মধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কমার্শিয়াল মিটারিং স্টেশন (সিএমএস) স্থাপনের কাজও শুরু হবে।’

