নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ভারতের মধ্যকার সীমান্ত বিল নিয়ে আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদে আলোচনা হবে। ভারতের রাজ্যসভা ও লোকসভায় এ বিল পাস হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হবে এ আলোচনায়।
দশম জাতীয় সংসদের ষষ্ঠ (বাজেট) অধিবেশনে সোমবার পয়েন্ট অব অর্ডারে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী এ সংক্রান্ত আলোচনার অনুমতি চাইলে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বিষয়টি জানান।
নজিবুল বশর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক বিজয় নিয়ে আসছেন। সম্প্রতি আরো একটি বিজয় অর্জন করেছেন। ভারতের লোকসভায় স্থল-সীমানা চুক্তি বিল পাস হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে চাই।’
এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘আপনি বসেন। কথা বন্ধ করুন।’ নজিবুল এরপরও কথা বলার চেষ্টা করলে ডেপুটি স্পিকার বলেন, ‘মাইক বন্ধ করুন। মাননীয় সদস্য, এ বিষয়ে ভালো করে প্রস্তুতি নিয়ে আসেন, কাল (মঙ্গলবার) আলোচনা হবে।’
এরপর পরই জাতীয় সংসদের গণসংযোগ শাখা থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় মঙ্গলবার সংসদে ‘স্থল সীমান্ত চুক্তি’ নিয়ে কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) এর আওতায় এ বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
স্থল সীমান্ত চুক্তি পাস হওয়ায় জাতীয় সংসদের পক্ষ থেকে জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে ভারতের জনগণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি সরকারকে ধন্যবাদ জানানো হবে।

