আন্তর্জাতিক ডেস্ক : মিশরে গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতা থেকে উৎখাতের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত অন্তত দুই হাজার ছয়শ জন নিহত হয়েছে। মিশরের মানবাধিকার সংগঠন ন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান রাইটসের প্রধান মুহাম্মাদ ফায়েক রোববার এ তথ্য জানিয়েছেন।
মুহাম্মাদ ফায়েক জানান, নিহতদের মধ্যে অর্ধেকই মুরসির সমর্থক। এরা ২০১৩ সালের জুন মাস থেকে ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে মারা গেছে। এর মধ্যে অন্তত ৬০০ সমর্থক মারা গেছে ২০১৩ সালের আগস্ট মাসে রাজধানী কায়রোয় অবস্থান কর্মসূচির সময়। এছাড়া সহিংসতায় নিহতদের মধ্যে ৭শ পুলিশ সদস্য ও ৫শ ৫০ বেসামরিক নাগরিকও রয়েছে।
মুহাম্মাদ ফায়েক জানান, কারাগারে সন্দেহভাজন ব্যক্তিদের অনির্দিষ্ট সময়ের জন্য আটক রাখা হচ্ছে, যা নিন্দনীয়। আটক অনেকের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো মামলা না দিয়ে পুলিশ হেফাজতে রাখা হচ্ছে। থানাগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে ৪শ গুণ বেশি ব্যক্তিকে আটক রাখা হয়েছে ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বরাত দিয়ে ফায়েক জানান, পুলিশ হেফাজতে এ পর্যন্ত ৩৬জনের মৃত্যু হয়েছে। তবে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলি দাবি করেছে এ সংখ্যা ৮০ ও ৯৮ এর মধ্যে।

