আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালের প্রথম পাঁচ মাসে আমেরিকায় পুলিশের গুলিতে অন্তত ৩৮৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশটির প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দু’জন করে বেসামরিক নাগরিক পুলিশের গুলিতে নিহত হয়েছে। গত ১০ বছর পুলিশের গুলিতে মৃত্যুর যেসব ঘটনা ঘটেছে এ হার সেই তুলনায় দ্বিগুণ।
এ সম্পর্কে সাবেক পুলিশ কর্মকর্তা এবং অলাভজনক প্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য কাজ করা ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান পুলিশ ফাউন্ডেশনের সভাপতি জিম বুয়েরম্যান বলেন, পুলিশের গুলিতে যেসব মৃত্যুর ঘটনা ঘটে তার বেশিরভাগই অপ্রকাশিত থেকে যায়।
তিনি বলেন, ‘আমেরিকায় পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা কখনই বন্ধ হবে না যদি না তা সঠিকভাবে সংবাদ আকারে প্রকাশ হয়।’
প্রতিবেদনে বলা হয়, নিহত ৩৮৫জনের মধ্যে ৩৬৫জনই পুরুষ। বাকী ২০জন নারী। এছাড়া এদের মধ্যে ১৭১জন শেতাঙ্গ, ১শ জন কৃষ্ণাঙ্গ ও বাকী ৫৭জন হিস্পানিক। পত্রিকায় মৃত্যুর যে সংখ্যা প্রকাশিত হয়েছে তার মধ্যে অবশ্য পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাগুলো যোগ করা হয় নি। নিহতদের অধিকাংশই অস্ত্রধারী হলেও ৪৯জন ছিল পুরোপুরি নিরস্ত্র।

