অর্থনৈতিক প্রতিবেদক : আগামী অর্থ বছরে ১ লাখ কোটি টাকার এডিপি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হলে দেশের চেহেরা পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনে কক্ষে ‘প্রভাব মূল্যায়ন ও নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রতিবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১ লাখ কোটি টাকার ওপরে বরাদ্দ থাকে। কিন্তু এ টাকা সঠিকভাবে ব্যবহার করা হয় না। অপচয় রোধ করে বিপুল অংকের এ অর্থ সঠিকভাবে খরচ করা গেলে দেশের চেহারাই পাল্টে যাবে।’
মুস্তাফা কামাল দাবি করেন, ‘মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজনীতি জড়িয়ে আছে। যারা দেশের জন্য ভালো কাজ করেন, তারা সবাই রাজনীতি করেন। আমরা কেউ রাজনীতির বাইরে না। দেশের যতো ভালো কাজ হয়েছে, তার সব রাজনীতিবিদরাই করেছেন।’
তিনি আরো বলেন, ‘আমি এখনও প্রকৃত মন্ত্রী হইনি। যেদিন দেশে দারিদ্র্য থাকবে না, শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হবে, আমাদের ছেলে-মেয়েরা দেশ-বিদেশে সুনাম কুড়াবে। সেদিনই প্রকৃত মন্ত্রী হবো। আর আমি বেহেশতে যাওয়ার জন্য রাজনীতি করি।’
দেশের রাস্তা-ঘাট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশে যেসব রাস্তা তৈরি হয়েছে, সেসব রাস্তার নিচে পানি জমে আছে। রাস্তা বানানোর সময় পানি সঠিকভাবে নিষ্কাশন করা হয় না বলে গরমে রাস্তাগুলো ফুলে ওঠে এবং নষ্ট হয়ে যায়। এ জন্য কংক্রিটের রাস্তা নির্মাণ করা জরুরি। এটাই হবে স্থায়ী সমাধান।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার মন্ত্রণালয়ে প্রকল্প মূল্যায়ন (পিইসি) সভা হয়। কিন্তু এখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কেউ আসেন না। এবার থেকে উচ্চ পর্যায়ের কেউ না এলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওই প্রকল্প বাতিল করে দেবো।’
আইএমইডি সচিব শহীদ উল্লাহ খন্দকারের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইআরডির সিনিয়র সচিব মোহাম্মদ মিজবাহ উদ্দিন, পরিকল্পনা কমিশনের সিনিয়র সদস্য ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব শফিকুল আযম, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক প্রমুখ।

