নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব দপ্তরে ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে চালু হলো ই-টেন্ডারিং কার্যক্রম। একই সঙ্গে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতনভাতার সরকারি অংশ (এমপিও) বিকেন্দ্রীকরণ ও অনলাইন এমপিও পদ্ধতিও চালু করা হয়েছে। প্রাথমিকভাবে রংপুর অঞ্চলে চালু হলেও সেপ্টেম্বর থেকে সারাদেশে অনলাইন এমপিও পদ্ধতি চালু হবে।
বৃহস্পতিবার বিকেলে মাউশি মিলনায়তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কার্যক্রমের উদ্বোধন করেন। মাউশির মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব রতন কুমার রায় প্রমুখ বক্তৃতা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন এমপিও’র জন্য শিক্ষক-কর্মচারীদেরকে ঢাকাতে আসতে হয়। অনলাইন পদ্ধতি চালু হওয়ার তার অবসান হলো। এখন নিজ নিজ উপজেলা শিক্ষা অফিসারের দপ্তরে তথ্যাদি ও কাগজপত্র জমা দিলে ত্বরিৎ তার সমাধান হবে। ভোগান্তি দূর হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের এমপিও অনলাইনে করা হবে।’
পরে মন্ত্রী রংপুরের পীরগঞ্জ উপজেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও করফারেন্সিংয়ের মাধ্যমে অনলাইন এমপিও উদ্বোধন করেন।

