তথ্যপ্রযুক্তি ডেস্ক : চলছে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। শুক্রবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) শুরু হয়েছে দিনব্যাপী চূড়ার্ন্ত পর্বের নানা আয়োজন।
এ আয়োজনে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় সারা দেশে অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগিতার বিজয়ীরা অংশ নিয়েছে। চূড়ান্ত পর্বে ৮০৩ জন (আইসিটি কুইজ), ১৯০ জন (প্রোগ্রামিং) সর্বমোট ৯৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
আজ বিকাল চারটায় সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে এই আয়োজন।
সমাপনী পর্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদসহ অনেকে উপস্থিত থাকবেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক খালেদা একরাম।

