ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংগীতের আলো ছড়াচ্ছেন রাফি

Link Copied!

rafiবিনোদন ডেস্ক : তরুণ প্রজন্মের যে কজন সংগীতপরিচালক নিজের মেধা দিয়ে সিনিয়র সংগীতপরিচালকদের নজর কাড়তে সমর্থ হয়েছেন তাদের একজন রাফি। নিজের কাজ দিয়ে প্রশংসা কুড়িয়ে চলেছেন প্রতিনিয়ত। বয়সটা বিশের কোঠা না পেরলেও এখন পর্যন্ত তার সংগীত পরিচালনায় গান করেছেন ফেরদৌস ওয়াহিদ, কুমার বিশ্বজিৎ, জেমস, বাপ্পা মজুমদার, ন্যানসি, কণা, শুভমিতা, শহিদ, নির্ঝর, পড়শী সহ আরও অনেক অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী।
রাফির মা বাবা দুজনেই গানের মানুষ তাই ছোটবেলা থেকেই বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় তার। তার বয়স যখন চার তখন একদিন কি-বোর্ডে একটি গানের সুর তুলে ফেলেছিলেন নির্ভুলভাবে। এটা দেখে তো রাফির পরিবারের সবার চোখ কপালে। তখন থেকেই রাফির মা-বাবা ঠিক করলেন ছেলেকে মিউজিশিয়ান বানাবেন। চলতে থাকল রাফির সংগীত চর্চা।
সংগীতাঙ্গনে রাফির শুরুটা ২০১১ সালে ‘জানো তো’ শিরোনামের একটি অ্যালবাম দিয়ে। এই অ্যালবামের সব গানের সংগীতপরিচালনা করেছিলেন রাফি। এরপর কাজ করেন ক্লোজআপ তারকা রাশেদের একক অ্যালবামে। এ পর্যন্ত কাজ করেছেন বিভিন্ন শিল্পীর একক অ্যালবাম সহ অসংখ্য মিক্সড অ্যালবামে। ২০১৪ সালে প্লেব্যাকের সংগীতপরিচালক হিসেবে নাম লেখান রাফি। এপর্যন্ত কাজ করেছেন অগ্নি, দবির সাহেবের সংসার, দেশা দ্য লিডার, ভালোবাসার চেয়ে বেশি কিছু এবং দ্য মোস্ট ওয়েলকাম-২ ছবির সংগীতপরিচালক হিসেবে।
সংগীতপরিচালক হিসেবে এককভাবে কাজ করলেও রাফি দূরবীন ব্যান্ডে আছেন ২০১২ সাল থেকে। রাফির কাজ শুনে ভালো লেগেছিল দূরবীনের শহিদের। আর যেহেতু দূরবীনে তখন একজন কি-বোর্ডিস্ট প্রয়োজন ছিল তাই শহিদ রাফিকে দূরবীনে কাজ করার প্রস্তাব দেন। সেই থেকে দূরবীনের হয়ে রাফির পথচলা শুরু। গত বছর শেষের দিকে প্রকাশিত হয় দূরবীন ব্যান্ডের অ্যালবাম ‘দূরবীন ৪.০’। এই অ্যালবামের সব গানের সংগীতপরিচালনা করেন রাফি।
সংগীতপরিচালনার রাফির পছন্দের প্রথমেই আছে উপমহাদেশের গুণী সংগীত পরিচালক এ আর রহমান। এছাড়া দেশের মধ্যে ফুয়াদের মিউজিক তার খুবই পছন্দ। কোন নির্দিষ্ট ঘরানার মিউজিকে সীমাবদ্ধ থাকতে চান না রাফি। তাই তার পছন্দের তালিকায় নেই নির্দিষ্ট কোন ধারা। সব ধারার গানই করতে চান এই তরুণ।
সংগীত পরিচালক রাফি কি শুধু সংগীতপরিচালক হিসেবেই থাকতে চান নাকি কণ্ঠে গানও তুলে নিতে চান। রাফি জানালেন কাজের চাপের জন্য নিজে এতদিন ঠিকভাবে গান করতে পারেননি। তবে খুব শিগগিরি তিনি নিজের একক অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন। এছাড়া সামনে কাজ করছেন চিত্র নায়িকা মৌসুমীর বোন ইরিন জামানের একক অ্যালবামে। এই অ্যালবামের সব গানের সংগীতপরিচালনা করবেন তিনি। এছাড়া কাজ করছেন তার বড় ভাই সাজিদের একক অ্যালবাম, কাজী শুভর কিছু গান সহ বেশ কিছু শিল্পীর গান। গানে গানেই আজীবন এমনভাবে ব্যস্ত থাকতে চান এই তরুণ সংগীতপরিচালক।