স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে এমনতেই কোনঠাসা হয়ে পড়েছে ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বাধীন নিউজল্যান্ড। এ অবস্থায় কোরি অ্যান্ডারসনের ইনজুরি কিউইদের আরও চাপে ফেলতে পারে। শুক্রবার হেডিংলিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে পিঠের ইনজুরির জন্য খেলতে পারবেন না এই কিউই অলরাউন্ডার।
লর্ডসে প্রথম টেস্টেই পিঠের ইনজুরি অনুভূত হয় কোরি অ্যান্ডারসনের। এজন্য টেস্টের উভয় ইনিংসে ব্যাটিং করলেও ম্যাচজুড়ে মাত্র ৮ ওভার বোলিং করেন তিনি। অ্যান্ডারসনের বিকল্প হিসেবে পেসার ডগ ব্রেসওয়েলের দলে ঢোকার সম্ভবনা রয়েছেন। ব্রেসওয়েল দলে ফিরলে বোলিং লাইন আগের চেয়েও শক্তিশালী হলেও ব্যাটিং লাইন দুর্বল হয়ে পড়বে।
এদিকে প্রথম টেস্টে হাঁটুর ইনজুরিতে পড়া বিজে ওয়াটলিংয়ের পরিবর্তে হেডেংলি টেস্টে উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রনকির টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে ড্র করতে পারলেই গত দেড় বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পাবে ইংলিশরা।
প্রথম টেস্টের শুরুর দিকে পিছিয়ে থেকে ইংল্যান্ড যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলে জয় ছিনিয়ে আনে তাতে করে বিস্মিত হয়েছেন নিউজিল্যান্ডের দলনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। হেডিংলি টেস্টে তার দল আক্রমণাত্মক খেলা উপহার দিবে বলে আশাবাদ শোনান এই হার্ড-হিটার ব্যাটসম্যান।
হেডিংলিতে এর আগে ৭ টেস্ট খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ১৯৮৩ সালে এই মাঠে একমাত্র জয়টি পেয়েছে কিউইরা।
টুকিটাকি: গ্রাহাম গুচকে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট রানের মালিক হতে আর মাত্র ৩২ রান করতে হবে দলনায়ক অ্যালেস্টার কুককে। সাবেক ইংলিশ ক্রিকেটার ১১৮ টেস্টে ৮ হাজার ৯০০ রান করেন। ১১৩ টেস্টে কুকের রা আপাতত ৮ হাজার ৮৬৯।
প্রথম ইংলিশ ক্রিকেটার ও ১২তম বোলার হিসেবে ৪০০ টেস্ট উইকেট থেকে মাত্র এক কদম দূরে রয়েছেন জেমস অ্যান্ডারসন। হেডিংলি টেস্টেই দুর্দান্ত এই মাইলফলক অর্জন করতে যাচ্ছেন জিমি। ১০৩ টেস্টে আপাতত তার উইকেট সংখ্যা ৩৯৯।
৬০০ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করতে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে আর ৮৮ রান করতে হবে। দ্বিতীয় কিউই ব্যাটসম্যান হিসেবে তিনি এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭ হাজার ১৭২ রান নিয়ে সবার ওপরে রয়েছেন সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।
নিউজিল্যান্ডের জন্য প্রেরণাদায়ক তথ্য হলো- ইংল্যান্ডের মাটিতে তাদের প্রথম টেস্ট জয়টি এসেছিল এই হেডিংলির মাঠেই। ১৯৮৩ সালে ল্যান্স কেয়ার্নসের দুর্দান্ত বোলিংয়ে বব উইলিসের নিউজিল্যান্ড জিওফ হাওয়ার্থের ইংল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করে।
প্রথম টেস্টে জিতে দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ড দলে পরিবর্তনের তেমন কোনো সুযোগ ও সম্ভাবনা নেই। অন্যদিকে বিজে ওয়াটলিং ও কোরি অ্যান্ডারসনের পরিবর্তে নিউজিল্যান্ড দলে ফিরতে পারেন যথাক্রমে লুক রনকি ও ডগ ব্রেসওয়েল।
সম্ভাব্য দল:
ইংল্যান্ড: অ্যালেস্টার কুক (অধিনায়ক), অ্যাডাম লিথ, গ্যারি ব্যালান্স, ইয়ান বেল, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
নিউজিল্যান্ড: টম লাথাদ, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেলর, ব্রেন্ডন ম্যাককালাম, লুক রনকি, মার্ক ক্রেইগ, ডগ ব্রেসওয়েল, ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

