স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি নির্বাচনের দিন শুক্রবার ফিফা কংগ্রেসে হামলা চালিয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষুব্ধ জনতা। শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টায় এখানেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
জুরিখে ফিফার প্রধান কনফারেন্সে বর্তমান সভাপতি সেফ ব্ল্যাটার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করার সময় ফিলিস্থিনপন্থিরা ফিফার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ভবনে হামলা করে। এসময় বিক্ষুব্ধ জনতা ‘ফুটবলকে মুক্ত করো, ফিলিস্তিনকে মুক্ত করো’ স্লোগান দিতে থাকে।
আক্রমণকারীরা কাউকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারলেও এই ঘটনায় হতভম্ব সেফ ব্ল্যাটার দ্রুত নিরাপত্তাকর্মীদের ডেকে পরিস্থিতি নিয়স্ত্রণের নির্দেশ দেন। এরপর ১৯৮৫ সালে হেইসেল স্টেডিয়ামে সংঘর্ষে ৩৯ জন নিহতের ঘটনায় বেশ কিছুক্ষণ নীরবতা পালন করেন টানা পঞ্চমবারের মতো ফিফা সভাপতি হতে যাওয়া এই সুইস ভদ্রলোক।
এর আগে প্যালেস্টাইন ফুটবল সংস্থা বা পিএফএ’র পক্ষ থেকে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা থেকে ইহুদিবাদী দেশ ইসরাইলকে বহিষ্কারের দাবি জানায় ফিফার কাছে। ফিলিস্তিনি ক্রীড়াবিদদের প্রতি তেল আবিবের নির্যাতন-নিপীড়নমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের পক্ষ থেকে এই দাবি তোলা হয়।
ফিলিস্তিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ফিফা সভাপতি সেফ ব্ল্যাটার এই নির্যাতন বন্ধের জন্য দুই দেশের ক্রীড়াবিদদের মধ্যে সহযেগিতামূলক সম্পর্কের ওপর জোরদার করেন। তবে এরপরও ইসরাইল দমন-নিপীড়ন থেকে সরে আসেনি।
সেফ ব্ল্যাটার তখন বলেছিলেন, ফিফা প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি, নিষেধাজ্ঞা কোনো সমস্যার সমাধান হতে পারে না।’

