নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলানথ্রোপিক সোসাইটির (ডিইউপিএস) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বৃহস্পতিবার টিএসসি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সোসাইটির কার্যক্রম উদ্বোধন করেন।
সোসাইটির মডারেটর অধ্যাপক জিয়া রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল বক্তব্য উপস্থাপন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক রাশেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলানথ্রোপিক সোসাইটির সভাপতি কৌশিক সুর, সাধারণ সম্পাদক আ ন ম ফখরুল আমিন, সহ-সভাপতি নাজমুস সাকিবসহ সোসাইটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
দরিদ্র ও বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষার্থীদের একযোগে কাজ করতে হবে। উদারতা ও মানবিক মূল্যবোধে জাগ্রত হয়ে ফিলানথ্রোপিক সোসাইটির সদস্যরা এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবেন।’

