বিনোদন ডেস্ক : উপস্থাপনায় ফিরছেন মডেল ও অভিনেত্রী অপি করিম। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় সেলিব্রেটি টক শো ‘এসকিউ লাইটস অপিস গ্লোয়িং চেয়ার’ শিরোনামের একটি অনুষ্ঠান এখন থেকে নিয়মিত উপস্থাপনা করবেন এই তারকা।
অপি করিম, এক সময় মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও অভিনয়ই ছিলো ধ্যান-জ্ঞান। কিন্তু একটা সময় মিষ্টভাষী এই অভিনেত্রী ঝুঁকে পড়েন উপস্থাপনায়। এসময় ‘আয়নাঘর’, ‘আমার আমি’, ‘প্রাণের শিল্পী’, ‘সোনালি প্রান্তরে’ এর মতো নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ দিবসগুলোতেও তাকে দেখা যেত উপস্থাপকের আসনে। তারপর মাঝখানে কিছুদিনের বিরতি নিয়ে আবারও উপস্থাপনায় ফিরছেন তিনি।
সেলিব্রেটি টক শো ‘এসকিউ লাইটস অপিস গ্লোয়িং চেয়ার’ শিরোনামের অনুষ্ঠানটির বিষয়বস্তু সাজানো হয়েছে মূলত তারকাদের কেন্দ্র করে। এতে অতিথি হয়ে আসবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখক ও উপন্যাসিক সমরেশ মজুমদার, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সারা বেগম কবরী, চিত্রনায়িকা মৌসুমী, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, সারা যাকের, আবুল হায়াত, তারিক আনাম খান, জুয়েল আইচ, বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, শমী কায়সার, শাফিন আহমেদ, চিত্রনায়ক ওমর সানি, রিয়াজ, ফেরদৌস, শম্পা রেজা, সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, ন্যান্সি, তাহসান ও নুসরাত ইমরোত তিশাসহ অনেকে।
এদিকে অনুষ্ঠানটি প্রসঙ্গে নির্মাতা শাহরিয়ার শাকিল বললেন, ‘আমাদের দেশের টিভি চ্যানেলগুলোতে এখন যেসব সেলিব্রেটি টক শো দেখানো হয় ‘এসকিউ লাইট অপিস গ্লোয়িং চেয়ার’ সেগুলো থেকে সম্পূন্ন আলাদা। যা অনুষ্ঠানটি দেখলেই দর্শকরা আন্দাজ করতে পারবেন বলে আশা করছি।’
‘এসকিউ লাইট অপিস গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানটি আগামী ১২ জুন থেকে প্রতি শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে জিটিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

