স্পোর্টস ডেস্ক : গত দুই বছর টানা ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড ব্যালন ডি’অর জিতেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সদ্য সমাপ্ত মৌসুমে দুর্দান্ত খেলেছেন সিআর সেভেন। যদিও দলকে বড় কোনো শিরোপা জেতাতে পারেননি তিনি। তাই এই রিয়াল তারকা ২০১৫ সালের ব্যালন ডি’অর জেতার যোগ্যতা রাখেন না বলে মনে করেন বার্সেলোনার সাবেক তারকা রাফায়েল মার্কুয়েজ।
গত দু’বছর টানা ব্যালন ডি’অর জেতা রোনালদো সদ্য শেষ হওয়া মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৬১ গোল করে আগামীবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ডের জন্য অন্যতম ফেবারিট হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে মার্কুয়েজের বিশ্বাস, এই পর্তুগিজ তারকা সব সময় দলের হয়ে পারফর্ম করতে না পারায় রিয়াল মাদ্রিদ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে ব্যর্থ হয়। যার কারণে তিনি ব্যালন ডি’অর জিততে পারবেন না।
গোল ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কুয়েজ বলেন, ‘আমি মনে করি, ব্যালন ডি’অরের জন্য রোনালদো চেয়ে আরো কয়েকজন এগিয়ে রয়েছে যারা দলের হয়ে বেশি কিছু করেছে। তবে সে যেহেতু (স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার) পিচিচি জিততে তাই ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ডের জন্য জোর লড়াই চালাতে পারবে।’
এরপর রোনালদো প্রশংসা করেন বার্সেলোনার এই সাবেক তারকা। মার্কুয়েজ বলেন, ‘অন্য সবার মতো রোনালদোর ফর্মও একদিন নিম্নগামী হবে। আমি জানি না সে কতোদিন এই দুর্দান্ত ফর্ম ধরে রাখবে। তবে এটা ঠিক, সে বিশ্ব-ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন।’
মার্কুয়েজ আরো বলেন, ‘আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদোকে দলের ভার বহন করতে ব্যর্থ হতে দেখেছি। কিন্তু তার মানে এই নয় যে, সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নয়। সে রিয়াল মাদ্রিদের অপরিহার্য সদস্য।’
প্রসঙ্গত, মেক্সিকো জাতীয় দলের তারকা রাফায়েল মার্কুয়েজ ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন। এই সময় তিনি কাতালানদের হয়ে ৪টি লা লিগা ও ২টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেন।

