বিনোদন ডেস্ক : শুরুতে ‘রাজাবাবু’ ছবিতে শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা আঁচলের অভিনয় করার কথা ছিলো। কিন্তু নানা জটিলতায় ছবির শুটিং পেছাতে থাকে। এক পর্যায়ে ছবির গল্পও পাল্টে যায়। তাই গল্পের চাহিদা অনুযায়ী আঁচলের স্থলাভিসিক্ত হয়েছেন ববি।
শাকিব খান প্রযোজনায় ‘হিরো দ্য সুপারস্টার’ ছবিতে নায়িকা ছিলেন অপু বিশ্বাস ও ববি। বদিউল আলম খোকনের পরিচালনায় ছবিটি দর্শক হৃদয় জয় করতে সক্ষম হয়েছিলো। সেই ধারাবাহিকতায় ‘রাজাবাবু’তে থাকছে এই তিন তারকা।
পরিচালক খোকন বলেন, ‘গল্পটা পাল্টে যাওয়ার কারণে এতদিন ছবির শুটিং শুরু করতে পারিনি। এবার নতুন গল্প, তবে পুরনো টিম নিয়ে আবারো কাজ করতে যাচ্ছি।’ আগামী ৫ জুন রাজধানীর উত্তরায় শুরু হচ্ছে ‘রাজাবাবু’ ছবির চিত্রধারণের কাজ। টানা শুটিং শেষে আগামী কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেয়ার ব্যাপারে আশাবাদী পরিচালক।

