স্পোর্টস ডেস্ক : আগামী জুলাই থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ সফরের টেস্ট দল থেকে এবি ডি ভিলিয়ার্সকে ছুটি দিয়ে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। জুনের প্রথম দিকে প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন ভিলিয়ার্স। এই কারণে টেস্ট দল থেকে ছুটি চেয়ে আবেদন করেন তিনি। তবে টেস্ট সিরিজের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এই ডানহাতি ব্যাটসম্যান যথারীতি দলকে নেতৃত্ব দিবেন।
এদিকে ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডারকে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেয়া হলেও টেস্টের জন্য দুজনকেই দলে রেখেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। তবে দুই ম্যাচ টি-২০ সিরিজে আবার এই দুজনকে দলের বাইরে রাখা হয়েছে।
আসন্ন বাংলাদেশ সফরে প্রথমবারের জন্য জাতীয় দলের হয়ে টেস্টে ডাক পেয়েছেন চার ক্রিকেটার। এরা হলেন- ব্যাটসম্যান রেজা হেন্ডরিকস, উইকেটরক্ষক ব্যাটসম্যান ডেন ভিলাস, বাঁ-হাতি স্পিনার অ্যারন পাঙ্গিসো এবং অনূর্ধ্ব-১৯ দলের পেসার কাগিসো রাবাদা। এই চারজনই দক্ষিণ আফ্রিকার হয়ে এর আগে ওয়ানডেতে দলে ডাক পেলেও এখনও পর্যন্ত টেস্ট খেলা হয়নি তাদের।
ফাস্ট বোলার রাবাদা ও ক্রিস মরিস এবং অলরাউন্ডার রায়ান ম্যাকলারেন ওয়ানডের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন। টি-২০ দলে অভিষেকের অপেক্ষায় রয়েছেন অলরাউন্ডা অ্যাডি লি। তবে ওয়ানডের মতো টি-২০ দলেও অন্তর্ভূক্ত করা হয়নি ডেল স্টেনকে। তার সঙ্গে মরনে মরকেল ও ইমরান তাহিরও টি-২০ দলে জায়গা পাননি।
বাংলাদেশের বিপক্ষে ২টি টি-২০, ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট খেলতে জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। জুলাইয়ের ৫ তারিখ থেকে ৩ আগস্টের মধ্যে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
৫ জুলাই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী দক্ষিণ আফ্রিকা। ৭ জুলাই দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচটি একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ১০ ও ১২ জুলাই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে মিরপুরের হোম অব ক্রিকেটে মুখোমুখি হবে দল দুটি। ১৫ জুলাই সিরিজের শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এরপর ২১-২৫ জুলাই চট্টগ্রামের মাঠেই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে প্রোটিয়াদের মুখোমুখি হবে মুশফিকুর রহিমের দল। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ৩০ জুলাই-৩ আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্টের মধ্য দিয়ে প্রোটিয়াদের বাংলাদেশ সফরের সমাপ্তি ঘটবে।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: হাশিম আমলা (অধিনায়ক), ডিন এলগার, রেজা হ্যান্ডরিকস, ফ্যাফ ডু প্লেসিস, স্টিয়ান ভান জিল, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, অ্যারন পাঙ্গিসো, সিমন হার্মার, তেম্বা বাভুমা. কাগিসো রাবাদা ও ডেন ভিলাস।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: এডি বি ভিলিয়ার্স (অধিনায়ক) হাশিম আমলা (সহ-অধিনায়ক), ফ্যাফ ডু প্লেসিস, রিলে রুশো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, ফারহান বিহার্দিয়েন, ক্রিস মরিস, মরনে মরকেল, ইমরান তাহির, কাইল অ্যাবকট, অ্যারন পাঙ্গিসো, কাগিসো রাবাদা, ওয়াইন পারনেল ও রায়ান ম্যাকলারেন।
দক্ষিণ আফ্রিকার টি-২০ দল: ফ্যাফ ডু প্লেসিস(অধিনায়ক), এডি বি ভিলিয়ার্স, রিলে রুশো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, ডেভিড ওয়াইজ, অ্যাডি লি, ক্রিস মরিস, কাইল অ্যাবকট, অ্যারন পাঙ্গিসো, কাগিসো রাবাদা, ওয়াইন পারনেল ও বেওরান হেন্ডরিকস।

