স্পোর্টস ডেস্ক : দু’বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। শোয়েব মালিককে ভুলেই যেতে বসেছিলেন পাকিস্তান ক্রিকেট ভক্তরা। টেনিসের গ্ল্যামার গার্ল, তার স্ত্রী সানিয়া মির্জার কল্যানে মাঝে-মধ্যে হয়তো মিডিয়ায় দেখা মিলত তার। সেই শোয়েব মালিক যে দুর্দান্তভাবে আবার ক্রিকেটে ফিরবেন, তা কে জানত!
২০১৩ সালের জুনে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন শোয়েব। ঠিক দুই বছর পর নিজ দেশের মাটিতে ক্রিকেটের পূনঃজন্মের লগ্নে সুযোগ পেলেন শোয়েব মালিক। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই দলে সুযোগ পান এবং সেই সুযোগকে সেঞ্চুরি দিয়েই উদযাপন করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
দীর্ঘ ৬ বছর পর জিম্বাবুয়ের কল্যানে পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। প্রথম দুই ম্যাচের টি২০ সিরিজ জয় করে শুরু। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই শোয়েবের দারুন সেঞ্চুরিতে ৩৭৫ রানের পাহাড়ে চড়ে পাকিস্তান। দুই ওপেনার হাফিজ আর আজহার আলির ১৭০ রানের জুটির পর ব্যাট করতে নেমে প্রথমে ৭০ বলে সেঞ্চুরি পূরণ করে শোয়েব। এরপর ৭৬ বলে অপরাজিত ছিলেন ১১২ রানে।
ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি করেন ১০টি বাউন্ডারি আর ২টি ছক্কার মারে। এরপর আরও দুটি বাউন্ডারি মারেন শোয়েব মালিক। হারিস সোহেলের সঙ্গে গড়েন ১৯৯ রানের জুটি। ইনিংসের একেবারে শেষ বলে এসে পানিয়াঙ্গারার বলে মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে আউট হন শোয়েব মালিক।

