স্পোর্টস ডেস্ক : শেষ দিন জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে ৩৪৫ রানের লক্ষ্য বেধে দেয় ইংল্যান্ড। হাতে তখনও ৮০ ওভার বাকি। লর্ডস টেস্ট নিশ্চিত ড্র’য়ের দিকেই এগুচ্ছিল। ফল হলে, বড়জোর নিউজিল্যান্ডই জিতবে। কিন্তু না, লর্ডসে অবিশ্বাস্যভাবে জয় তুলে নিল স্বাগতিক ইংল্যান্ডই। ১২৪ রানের ব্যবধানে সফরকারী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০-তে এগিয়ে গেল স্বাগতিকরা।
আর মাত্র ১২.৩ ওভার কাটিয়ে দিলেই ড্র হয়ে যেতো লর্ডস টেস্ট। কোরি এন্ডারসন আর বিজে ওয়াটলিং প্রানপন চেষ্টাও করেছিলেন। কিন্তু কোনভাবেই পারলেন না। স্টুয়ার্ট ব্রড আর বেন স্টোকসের তোপের মুখে হার মানতে বাধ্য হলো কিউইরা।
জয়ের জন্য ৩৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই জেমস এন্ডারসন আর স্টুয়ার্ট ব্রডের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে কোন রান যোগ না করতেই আউট হয়ে গেলেন মার্টিন গাপটিল আর টম লাথাম। ১২ রানের মাথায় হারায় রস টেলরের উইকেটও।
এরপর উইলিয়ামসন আর ওয়াটলিং জুটি গড়ার চেষ্টা করেন। ৪৯ রানের জুটি গড়ার পর বেন স্টোকসের তোপে পড়ে বিচ্ছিন্ন হন তারা দু’জন। ২৭ রান করে আউট হয়ে যান উইলিয়ামসন। ব্রেন্ডন ম্যাককালাম এসে দাঁড়াতেই পারলেন না। স্টোকসের পরের বলেই বোল্ড হয়ে গেলেন তিনি। হ্যাটট্রিকের সম্ভাবনা জেগে ওঠে। তবে স্টোকসকে হ্যাটট্রিক বঞ্চিত করে দেন কোরি এন্ডারসন। ৬১ রানে নাই হয়ে যায় ৫ ব্যাটসম্যান।
ওয়াটলিং আর এন্ডারসন মিলে ১০৭ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে টেস্ট বাঁচানোর স্বপ্ন দেখান। কিন্তু অভিষিক্ত মার্ক উড এসে এই জুটি ভেঙে আবার অনিশ্চয়তায় ফেলে দেন কিউইদের। যেখান থেকে বেরই হতে পারেনি আর তারা। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে ২২০ রানেই থেমে যায় নিউজিল্যান্ড।
৩টি করে উইকেট নেন বেন স্টোকস আর স্টুয়ার্ট ব্রড। একটি করে উইকেট নেন এন্ডারসন, মার্ক উড, মঈন আলি এবং জো রুট। ব্যাট হাতে দুই ইনিংসে ৯২+১০১ এবং ৩ উইকেট নেওয়ার পুরস্কার স্বরূপ ম্যাচ সেরা হন বেন স্টোকস।
২৯ মে লিডসে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট।

