বিনোদন ডেস্ক : চরিত্রের প্রয়োজনে কখনও হতে হয় ৯৫ কেজি, কখনও ওজন কমিয়ে একেবারে ছিপছিপে কলেজের তরুণ। আবার কখনও তাকে দেখা যায় জিমে তৈরি করা এইট প্যাকস অ্যাবসে। ছবির চিত্রনাট্যের চাহিদা মেনে শরীর নিয়ে এমন কসরত করেন আমির খান। তবে এবার নিজের বাড়তি ওজন নিয়ে হাফিয়ে উঠেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।
চরিত্রের নিখুঁত উপস্থাপনের জন্যই ‘দঙ্গল’ ছবিতে কুস্তিগীরের ভূমিকায় অভিয়ের আগেই নিজের ওজন ৯৫ কেজি করেছেন আমির খান। বাড়তি ওজনের ফলে এখন জুতার ফিতা বাঁধতে গিয়ে রীতিমতো হাফিয়ে পড়েন। তার পেট চলে এসেছে বুকের কাছাকাছি। শরীরের এমন আকৃতি এবং বাড়তি ওজনের কষ্ট দেখে চিন্তায় পড়েছেন আমিরের মা ও স্ত্রী।
দুশ্চিন্তায় পড়েছেন স্বয়ং আমির। শুটিং এখনও শুরুই হয়নি, ছবি শেষ হওয়া পর্যন্ত এই ওজন নিয়ে চলবেন কিভাবে! তবে আশার কথা, ২০১৫ সালের মধ্যেই ‘দঙ্গল’ ছবির শ্যুটিং শেষ করবেন তিনি। আর তারপরই ফিরে আসবেন স্বরূপে, জানিয়েছেন আমির খান।
আগামী বছর জুনে তিনি নতুন ছবির শুটিং শুরু করবেন। শােনা যাচ্ছে, সে ছবিতে একজন তরুণের ভূমিকায় অভিনয় করবেন ৫০ বছর বয়সী সুপারস্টার। আমিরের ভাষ্যমতে, ‘দঙ্গল’ ছবির পরেই তিনি ফিরে যাবেন ‘থ্রি ইডিয়টস্’ চরিত্রে।

