নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সরকারের ৬ বছর মেয়াদী যে প্রকল্প (চলমান) বাস্তবায়ন করছে তাতে আরো ১২ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)।
সম্প্রতি ম্যানিলায় সংস্থাটির সদরদপ্তরে অনুষ্ঠিত বোর্ড সভায় এ ঋণের অনুমোদন দেয়া হয়। রোববার এডিবিরি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, ১ লাখ ৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুদের শিক্ষার মান উন্নয়নে নেয়া এ প্রকল্পে দেয়া বাড়তি অর্থায়ন শিশুদের শিক্ষার মান, শিক্ষার সুযোগ এবং দক্ষতা বাড়াতে ব্যয় করা হবে। তবে প্রকল্পের মধ্যমেয়াদী মূল্যায়নে দেখা গেছে, প্রকল্পের মাধ্যমে প্রথমিক শিক্ষায় ভর্তির হার বৃদ্ধি এবং ঝরে পরার হার কমে আসলেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়েপড়া জনগোষ্ঠীর শিশুরা তুলনামূলকভাবে পিছিয়েই রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি বৈষম্য কমে আসতে সাহায্য করবে বলে এডিবি আশা প্রকাশ করেছে।
উল্লেখ্য, এ প্রকল্পে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বিশ্বব্যাংকসহ অর্থায়ন করছে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন, ইউএন চিলড্রেন ফান্ড। ২০১১ সাল থেকে শুরু হওয়া ৯.৮ বিলিয়ন ডলারের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন প্রকল্পে এডিবি ঋণ দিচ্ছে ৩২ কোটি ডলার। ২০১৭ সালের জুন নাগাদ প্রকল্পটি শেষ হবে।

