স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই! রোববার ছিল লিগের শেষ ম্যাচ। নীল উৎসবে ভাসার দিন। স্ট্যামফোর্ড ব্রিজে অঘটন ঘটেনি। সফরকারী সান্ডারল্যান্ডকে ৩-১ হারিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপনটা ষোলকলায় পূর্ণ করে তুলল হোসে মরিনহোর ক্লাব চেলসি। সে সঙ্গে ‘দ্য ব্লুজ’-এর হয়ে বিদায়ী ম্যাচটাও খেলে ফেললেন দিদিয়ের দ্রগবা।
সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে হারলেও কোন বিপদ ছিল না। তবুও জয়ের আনন্দে যেন কোন প্রকার তিলক না পড়ে সে দিকে সতর্ক নজর ছিল হোসে মরিনহোর। যদিও প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়েছিল চেলসি। ২৬ মিনিটে গোল দিয়েছিল স্টিভেন ফ্লেচার।
গোল হজম করাতেই যেন ঘুম ভাঙে চেলসির। ৩৭ মিনিটে তাই পেনাল্টি আদায় করে নেয় চেলসি। স্পট কিক থেকে গোল করেন দিয়েগো কস্তা। ১-১ গোলে সমতা দিয়েই খেলা চলছিল ৭০ মিনিট পর্যন্ত। এরপরই জ্বলে ওঠেন পরিবর্তিত ফুটবলার লোইক রেমি।
৭০ মিনিটে প্রথম চেলসিকে এগিয়ে দেন তিনি। এরপর ৮৮ মিনিটে আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন এই ফরাসি স্ট্রাইকার।
রোববারই চেলসির হয়ে দ্বিতীয় অধ্যায় শেষ করলেন আইভরি কোস্টের ৩৭ বছরের স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা। বিদায়ী ম্যাচে দল জেতায় খুশি দ্রগবা। তিনি বলেন, ‘শেষ ম্যাচে দল জেতায় খুশি হয়েছি।’
২০০৮ থেকে ২০১২ আট বছর টানা চেলসির জার্সিতে প্রায় ১২টি ট্রফি জিতেছেন দ্রগবা। ৩৮ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে ইপিএল চ্যাম্পিয়ন চেলসি। ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে শেষ করল আর্সেনাল এবং চতুর্থ স্থানে শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।

