নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘শেখ হাসিনার সঙ্গে কোনো রাজনৈতিক কর্মসূচিই মোকাবিলা করতে পারছেন না খালেদা। আর তাই এখন তিনি নানারকম ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রও করছেন তিনি।’
সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে প্রচার লীগ।
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদসহ সব নেতাকর্মীকে খালেদাই লুকিয়ে রেখে নাটক করছেন বলেও মন্তব্য করেন হাছান। তিনি আরো বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদের খোঁজ পাওয়ার আগেও তিনি নাটক করেছেন এবং এখন তাকে পাওয়ার পরও আবার নাটক করছেন। তাই এসব নাটক বন্ধ করুন। নইলে বাংলার জনগণকে সঙ্গে নিয়ে কড়া জবাব দেয়া হবে।’
নৌ-মন্ত্রী শাজাহান খান বলেন, ‘জিয়াউর রহমান ও তার দল ক্ষমতায় থাকতেও মানুষ খুন করেছে এবং ক্ষমতার বাইরেও তারা মানুষ খুন করেছেন।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একজন পেশাদার খুনি আখ্যায়িত শাজাহান বলেন, ‘তার খুনের চরিত্র এখনও পাল্টায়নি। তিনি এখন চুপ করে আছেন । যেকোন সময় ফুসে উঠতে পারেন। তাই তিনি সুযোগ পেলেই আবার মানুষকে খুন করবেন। তাই তার বিষ দাঁত ভেঙে দিতে হবে যাতে আর কোনদিন তিনি খুন করতে না পারেন।’
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এম শাহ আলম।

