
কর্মশালায় বক্তব্য রাখছেন দৌলতপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, মঞ্চে তার ডান পাশে উপবিষ্ট ড. নওশের আলী, ভুপেশ কুমার মন্ডল, মো. আব্দুল লতিফ ও খান ইকমল আহমেদ
নিজস্ব প্রতিনিধি : আজ সোমবার দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প (এসসিডিপি)’র উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (খুলনা)’র ব্যবস্থাপনায় জেলা পরিকল্পনা (২০১৫-১৬) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চলমান ২০১৪-১৫ অর্থবছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী ২০১৫-১৬ অর্থবছরের কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা জেলার উপ-পরিচালক কৃষিবিদ মো. আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ভুপেশ কুমার মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি ভুপেশ কুমার মন্ডল কৃষির উন্নয়নে দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের অবস্থান এবং আয়োজিত কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য বিশদভাবে তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার ড. অশোক কুমার রায় ও মো. মঞ্জুরুল হক এবং কনসালটেন্ট ড. নওশের আলী সরদার।
কর্মশালায় মূল সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (খুলনা) কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। কর্মশালায় দৌলতপুর মেট্রো ও ডুমুরিয়া উপজেলার কৃষি অফিসের কর্মকর্তাসহ জেলা ও অঞ্চল পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

