ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের পথে প্রধান বাধা দুর্নীতি

Link Copied!

rashed-khan-menon-2নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘সাধারণ মানুষের জন্য বাংলাদেশের উন্নয়নের ধারা সুষম রাখতে পারার মতো মৌল নীতিমালাগুলি কার্যকর নেই। সার্বিক উন্নয়নের প্রধান বাধাই হলো দুর্নীতি। তাই দুর্নীতি দমনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে বাজেটে সারাদেশের শ্রমজীবী গরিব মানুষের সার্বিক উন্নয়নের বিষয়কে প্রাধান্য দিতে হবে।’
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী অর্থবছরের বাজেটকে সামনে রেখে ৭ দফা দাবিতে ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড বিমল বিশ্বাস, নুরুল হাসান, নুর আহমদ বকুল এবং কামরূল আহসান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন পার্টির ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়।
বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানিয়ে সমাবেশে মেনন বলেন, ‘বিদ্যুত সংকটের স্থায়ী সমাধানের দিকে যেতে কুইকরেন্টাল অস্থায়ী ব্যবস্থায় অধিক হারে ভর্তুকি দিয়ে বিদ্যুৎ খাতে অহেতুক ব্যয় বাড়ানো যাবে না। এর বদলে স্থায়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে স্থায়ী সমাধানের দিকেই আমাদের নজর দিতে হবে। বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে গণশুনানিতেও মূল্যবৃদ্ধির বিরুদ্ধেই অভিমত এসেছে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যও কমেছে।’
তিনি আরো বলেন, ‘সাধারণ মানুষের পরিশ্রমের উপর ভিত্তি করে দেশের প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলেও সেই গরিব মানুষের উন্নয়নে সার্বিক পরিকল্পনার অভাব আছে। দেশীয় শিল্পের বিকাশ, কৃষিতে ভর্তুকি, শিক্ষা, স্বাস্থ্য, সাধারণ শ্রমজীবী মানুষের আবাসন, সামাজিক সুরক্ষা, পল্লী রেশনিংসহ সাধারণ মানুষের স্বার্থকে বাজেটে প্রাধান্যে আনতে হবে।’
সমাবেশে ফজলে হোসেন বাদশা এমপি বলেন, ‘দেশের সাধারণ মানুষের স্বার্থ বাদ দিয়ে কোনো উন্নয়ন পরিকল্পনা হতে পারে না। বাজেট আসার আগ থেকেই অর্থমন্ত্রী দেশের সব মানুষকে করের আওতায় আনার যে ভীতিকর পরিকল্পনার গল্প শোনাচ্ছেন, তা বন্ধ না করলে সাধারণ মানুষ সরকারের উপর আস্থা হারাবে।’
তিনি আরো বলেন, ‘দেশের সাধারণ কৃষকরা হাড়ভাঙা পরিশ্রম করে ধান-গম উৎপাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলেও সরকারের ভুল নীতি অনুসরণ ও প্রভাবশালী দুর্নীতিবাজদের কারণে কৃষক তার ন্যায্য দাম পাচ্ছেন না। তার উপরে আবার করের বোঝা চাপিয়ে দিলে সাধারণ মানুষ যাবে কোথায়?’