নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টনে বাইতুল ভিউ টাওয়ারে অবস্থিত চারটি অফিসে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার গভীর রাতে টাওয়ারের ৭, ৮, ১০ ও ১১ তলায় অবস্থিত বেনকো ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট, ট্রাভেল এজেন্সি বেস্ট ফ্লাই, ডেভেলপার কোম্পানি প্রিয়প্রাঙ্গন এবং একটি ইন্সুরেন্স কোম্পানির অফিসে এই চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন জানান, চুরির বিষয়ে তারা এখনো কিছু জানেন না। তবে কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বেস্ট ফ্লাইয়ের ম্যানেজিং ডিরেক্টর সব্বির আহমেদ জানান, গতকাল সন্ধ্যা ৬ টায় তারা অফিস বন্ধ করে চলে যান। রাতে ভবনের কেয়ারটেকার তাকে ফোন করে চুরির ঘটনা জানায়। পরে অফিসে এসে দেখেন তালা ও সাটার ভেঙ্গে আনুমানিক ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, ‘আমরা ভিডিও ফুটেজে দেখেছি দু’জন লোক তালা ভাঙ্গছে। তবে তাদের চিনতে পারিনি। আমরা ফুটেজসহ থানায় মামলা করবো।’

