নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে তিন ব্যক্তি আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তর বাড্ডা, নতুন বাজার ও সূত্রারাপুরে এসব ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাচ্চু মিয়া (৩৫), আরিফ হোসেন (৪০) ও আব্দুল বারেক (৩২)।
ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, গতাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উত্তর বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন সিএনজিচালক বাচ্চু মিয়া। এসময় একটি সাদা মাইক্রোবাসে করে ৫/৬ ছিনতাইকারী সিএনজি অটোরিকশার সামনে এসে দাঁড়ায়। তারা বাচ্চুকে অটোর ভেতর থেকে বাইরে আসতে বলে। কিন্তু তিনি বের হতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
আহত বাচ্চু মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পূর্ব ধোলাইপাড় বাজার এলাকার সামছু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তিনি।
অপরদিকে, সূত্রাপুরের লক্ষীবাজারে সন্ত্রাসীরা আরিফ হোসেন নামের এক গাড়িচালককে ছুরিকাঘাত করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে স্ত্রীর ভাড়া করা সন্ত্রাসীদের হামলায় তিনি আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল হলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহত আরিফ জানান, তিনি দুই বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রীকে চার বছর আগে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকেই রুপার সঙ্গে বনিবনা হচ্ছিল না তার। পারিবারিক কলহের জের ধরে গতকাল রাতে দ্বিতীয় স্ত্রী রুপা কৌশলে তাকে লক্ষীবাজারে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর কয়েকজন যুবক তাকে মারধর করে। এক পর্যায়ে তার পেটে চাকু ঢুকিয়ে দেয় সন্ত্রাসীরা।
আজ ভোর ৪টার দিকে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে জানান আরিফ। তার বাড়ি রুপগঞ্জের ভোলতায়।
এছাড়া গতকাল রাতে বাড্ডার নতুন বাজার এলাকায় চোরের ছুরিকাঘাতে এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বেসরকারি ব্যাংকে মালি কাজ করেন বলে জানা গেছে।
আহতের স্ত্রী সুবর্ণা জানান, তার বাসা বাড্ডার নতুন বাজার এলাকায়। গরমের কারণে গত রাতে বাসার আঙিনায় তার স্বামী ঘুমিয়েছিলেন। এসময় দেয়াল টপকে চোর ভেতরে প্রবেশ করলে তিনি চিৎকার করে উঠেন। পরে ওই চোর তার স্বামীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

