নিজস্ব প্রতিবেদক : অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল শাখা থেকে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে মের্সাস ইউনিক ওয়্যার প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনিরুল হকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপপরিচালক মো. আবু নাসির বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রণব কুমার জানান, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ইউনিক ওয়্যার প্রোডাক্ট লিমিটেডের এমডি মনিরুল হক তার প্রতিষ্ঠানের নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে প্রথমে ১৯৯৩ সালে মেয়াদী ঋণ বাবদ ৩৭ লাখ টাকা, আবার ১৯৯৭ সালে স্বল্প মেয়াদী ঋণ বাবদ ২১ লাখ ৩০ হাজারসহ সর্বমোট ৫৮ লাখ ৩০ হাজার টাকা বিধিবহির্ভূতভাবে উত্তোলন করেন। পরে এসব ঋণ পরিশোধ না করায় সুদসহ ঋণের পরিমান ১ কোটি ৬৫ লাখ টাকা হয়েছে।
ওই টাকা শোধ না করায় মামলাটি করলো দুদক।

