রাঙ্গামাটি প্রতিনিধি : গত তিন দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাঙ্গামাটির সাজেক থানাধীন শিয়ালদাহ ও চাইল্যাতলী এলাকায় এ পর্যন্ত সাত জন উপজাতীয় এলাকাবাসীর মৃত্যু হয়েছে। এ রোগে আরো অন্তত ২০/২৫ জন মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার বিকেল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা ও শিয়ালদাহ এলাকার হেডম্যান জিপ্পুতাং ত্রিপুরা এ খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-ব্রাতরায় ত্রিপুরা (৩৫), লক্ষ্মীরাণী ত্রিপুরা (৫০), বিদ্যা মোহন ত্রিপুরা (৫৫), বৃহস্পতিবার কুশল্যা ত্রিপুরা (৫১) ভদ্রপতি ত্রিপুরা (৫৫) ভীরবাবু ত্রিপুরা (৫০), কুসুমতি ত্রিপুরা (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌসুমী বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই গত বুধবার সারাদিনই সাজেকের দুর্গম শিয়ালদাহ ও চাইল্যাতলী এলাকায় বসবাসরত পাহাড়ি সম্প্রদায়ের বেশ কয়েকজন বাসিন্দা ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হয়।
শিয়ালদাহ এলাকার হেডম্যান জিপ্পুতাং ত্রিপুরা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পাতলা পায়খানার মতো মলত্যাগের মাধ্যমে রোগের উপসর্গ শুরু হওয়ার পরে এ কয়দিনে ওই সাত জন মারা গেছে।
এদিকে, বিজিবি ৫৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহমুদ্দুনবী জানান, শিয়ালদহ এবং লবঙ্গ পাড়ায় ডায়রিয়ার রোগের প্রকোপ স্বল্প পরিসরে থাকা অবস্থায় ব্যাটালিয়ানের স্থানীয় মেডিকেল টিম ও সদস্যরা স্থানীয় লোকজনকে চিকিৎসা সুবিধা দিয়ে আসছে। বর্তমানে পরিস্থিতির অবনতির হওয়ায় খাগড়াছড়ি সেনাবাহিনীর একটি মেডিকেল টিমকে হেলিকপ্টারে ঘটনাস্থলে প্রেরণের ব্যবস্থা নেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছেন।
এছাড়া বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, দুর্গম এ এলাকায় ডায়রিয়া রোগের প্রকোপের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন চিকিৎসকের নেতৃত্বে ৮ জনের ২টি মেডিকেল টিম আনা হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাক ও হিল ফ্লাওয়ারের ২টি মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধপত্র এবং খাবার স্যালাইনসহ প্রেরণ করা হয়েছে। তবে দুর্গম এলাকা বিধায় মেডিকেল টিম সেখানে পৌঁছাতে পারছে না । তিনি আশা করা হচ্ছে বিকেল নাগাদ মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছাতে পারবেন।
তাৎক্ষণিকভাবে ১ হাজার খাবার স্যালাইন বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সাজেক ইউপি চেয়ারম্যান আতুলাল চাকমা।

