লাইফস্টাইল ডেস্ক : ঘর থেকে বের হয়েছেন কাজের উদ্দেশ্যে। হঠাৎই ঝুম বৃষ্টি। কাদা পানিতে রাস্তার অবস্থা একাকার। উপায় নেই, যেতে হবে সবকিছুকে মাড়িয়ে। নোংরা কাদাপানির ভেতর দিয়ে দিনের যাত্রা শুরু হওয়ায় সারাদিনই কাটবে একটা অস্বস্তি নিয়ে। অদৃশ্যভাবে পায়ে চলবে জীবানুর সংক্রমণ। এভাবে চলার দুদিন পরেই দেখবেন পায়ের ত্বকে দেখা দিয়েছে খসখসে ভাব, মরা কোষের আধিক্য, নখে সংক্রমণ। তাই বৃষ্টির দিনে সুন্দর পা দুটিকে সুন্দর রাখতে দেয়া চাই বিশেষ যত্ন। আসুন শিখে নেয়া যাক, খুব সহজে যত্নের পা দুটিকে রক্ষা করার সহজ উপায়-
যা যা লাগবে
লবণ, গরম পানি, সাবান, পা ধোয়ার ব্রাশ, পিউমিশ স্টোন, নেইল কাটার, অলিভ অয়েল, পায়ে মাখার লোশন, গ্লিসারিন, গোলাপ জল, ট্যালকম পাউডার, তোয়ালে, তুলা, নেইল রিমুভার।
যেভাবে করবেন
একটি গামলায় হালকা গরম পানিতে কিছুটা লবণ অথবা খাওয়া সোডা মিশিয়ে নিন। পানির মধ্যে পায়ের পাতা দুটো ১০ থেকে ১৫ মিনিট ডুবিয়ে রাখুন। এতে পায়ের ত্বক নরম হবে। এবার পিউমিশ স্টোন দিয়ে ঘষে ঘষে পায়ের মরা ত্বক উঠিয়ে ফেলুন। ব্রাশে সাবান লাগিয়ে পায়ে ভালো ভাবে লাগিয়ে নখের চারপাশ, গোড়ালি, পায়ের পাতার চারপাশ ঘষে ঘষে পরিষ্কার করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে ভালো ভাবে পা মুছে নিতে হবে। এবার পায়ের নখটি পছন্দমতো আকারে কেটে নিন। তারপর তুলা দিয়ে কোনো লোশন অথবা সমপরিমাণ গোলাপ জল আর গ্লিসারিনের মিশ্রণ পায়ে মেখে নিন। এতে পায়ের ত্বক নরম থাকবে। পা ফাটবে না, অতিরিক্ত ত্বকও শুকিয়ে খসখসে হবে না।

