লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদরের চরশাহী ইউনিয়নের কল্যাণপুর ও পাবর্তীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামে পৃথক বন্দুকযুদ্ধে পুলিশসহ ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বন্দুকযুদ্ধের এসব ঘটনায় সদর ও চন্দ্রগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই সন্ত্রাসী আটক হয়েছে। এছাড়া ৪ টি অস্ত্র , ৬ রাউন্ড গুলি এবং ১২ টি ককটেল উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাছিম মিয়া জানান, সোমবার গভীর রাতে সদর উপজেলার সোনাপুর গ্রামে ডাকাতরা ডাকাতির প্রস্ততি নিচ্ছে এ সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।
এক পর্যায়ে বন্দুকযুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ৯ মামলার আসামি রশিদপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে আরিফ হোসেনকে (৩৫) আহত অবস্থায় আটক করে। এসময় ঘটনাস্থল থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে ৩ পুলিশ সদস্য আহত হয়।
অপর দিকে পৃথক অভিযানে মঙ্গলবার ভোরে চরশাহী ইউনিয়নের কল্যাণপুর এলাকায় সন্ত্রাসী বাবুকে (৩০) নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও গুলি চালায়। এসময় দুইপক্ষের গোলাগুলিতে মো. বাবু আহত হয়। সেখান তেকে তিনটি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি, ১২টি ককটেল উদ্ধার করা হয়।
এর আগে সোমবার বিকেলে বাবুকে আটক করা হয়। সে একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

