সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসায় কর্মরত কম্পিউটার শিক্ষকদের হয়রানির প্রতিবাদ করায় একটি চাঁদাবাজ সিন্ডিকেটের রোষানলে পড়েছে সাংবাদিক মোজাফফর রহমান। মোজাফফর রহমান সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ টেলিভিশনের ও দৈনিক সকালের খবরের সাতক্ষীরা প্রতিনিধি। মোজাফফর রহমান সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। সাংবাদিকতার পাশাপাশি তিনি তালা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন কাজ করছেন।
জানা গেছে, সাংবাদিক মোজাফফর রহমান ছাত্রজীবনে পাটকেলঘাটা কলেজ ও তালা উপজেলা শাখার বাংলাদেশ ছাত্রলীগের নেতা ছিলেন। বর্তমানে খলিষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। মোজাফফর রহমান আগামীতে খলিষখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত এক বছর যাবৎ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের উদীয়মান নেতা হিসেবে সাংবাদিক মোজাফফর রহমানের রয়েছে পরিচ্ছন্ন ইমেজ। একজন শিক্ষক নেতা হিসেবে তিনি সব সময় শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির সাথে একমত থেকে কাজ করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
নিজেকে সব সময় সাধারণ মানুষের কাতারে রাখার চেষ্টা করেন সাংবাদিক মোজাফফর রহমান। অন্যায়ের বিরুদ্ধে সব সময় অটুট থেকে একই সাথে সাংবাদিকতা, রাজনীতি ও আবার কখনও শিক্ষক হিসেবে পেশাগত সুনাম অর্জন করেছেন তিনি। তালা উপজেলা কম্পিউটার শিক্ষক সমিতির আহ্বায়ক সহাদেব হালদার জানান, গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একটি পত্রিকায় তালা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় কর্মরত কম্পিউটার শিক্ষকদের বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশিত হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষকরা সাংবাদিক মোজাফফর রহমান, ইনডিপেন্ডেন্ট ও দৈনিক সংবাদের সাতক্ষীরা প্রতিনিধি ও সরুলিয়া হাইস্কুলের কম্পিউটার শিক্ষক আবুল কাশেম ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল এর সাংবাদিক ও পাটকেলঘাটা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই এর শরণাপন্ন হয়। এ সময় ৩ জন সাংবাদিক সহকর্মী শিক্ষকদের পাশে দাঁড়ান।
সাংবাদিক আবুল কাশেম জানান, ঐ রিপোর্টের একাংশে সাংবাদিক নেতা ও শিক্ষক মোজাফফর রহমানকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। যা সাংবাদিকতার নীতিমালা পরিপন্থি। সহকর্মী শিক্ষকদের পাশে দাঁড়ানোর কারণে বিটিভি’র সাংবাদিক মোজাফফর রহমান এখন আক্রোশের শিকার হয়েছেন।
এমনকি সাংবাদিক মোজাফফর রহমান আর যেন তালা উপজেলার শিক্ষকদের পাশে না দাঁড়ান সে জন্য ঐ চক্রটি উঠেপড়ে লেগেছে। সাংবাদিকদের ভুল বুঝিয়ে গত ২৬ এপ্রিল ‘দৈনিক পাঞ্জেরী’ পত্রিকায় সাংবাদিক মোজাফফর রহমানের বিরুদ্ধে ডাকাতির পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে একটি কাল্পনিক রিপোর্ট করিয়েছে এমন অভিযোগ করেছেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শিক্ষক আব্দুল হাই। একই সাথে ঐ রিপোর্টের কপি সাংবাদিক মোজাফফর রহমানের কর্মস্থলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ তুলেছে তালা উপজেলায় বিভিন্ন স্কুল-কলেজে কর্মরত কম্পিউটার শিক্ষকরা।
এদিকে সাংবাদিক মোজাফফর রহমানের বিরুদ্ধে হয়রানি ও আক্রমণাত্মক রিপোর্ট প্রকাশ হওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলসহ জেলার কর্মরত সাংবাদিকরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমানের হয়রানির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

